• facebook
  • twitter
Saturday, 14 February, 2026

এসআইআর-এর শেষ পর্যায়ে বাংলার বিশেষ পর্যবেক্ষক উত্তরপ্রদেশের প্রাক্তন আইপিএস

বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশের প্রাক্তন আইপিএস এন কে মিশ্রাকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে

Election Commission of India. Nov 1, 2019. (File Photo: Amlan Paliwal/IANS)

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই পরিস্থিতিতে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শেষ পর্যায়ের কাজ ও ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন।বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশের প্রাক্তন আইপিএস এন কে মিশ্রাকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগের পাশাপাশি রিপ্রেজেনটেশন অফ দ্য পিপল অ্যাক্ট, ১৯৫০-এর সেকশন ১৩ সিসি অনুযায়ী এই নিয়োগ করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং ত্রুটিমুক্ত করাই এই নিয়োগের উদ্দেশ্য। প্রয়োজনে দফায় দফায় সমস্ত কাজ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

Advertisement

শুক্রবার সিইও এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তাঁর দল। সেখানে জেলাশাসক ও আধিকারিকদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এসআইআর তালিকায় কোনও ভুল থাকলে দায় নিতে হবে জেলাশাসকদের। তারপরই রাতে নতুন পর্যবেক্ষক নিয়োগের কথা জানায় কমিশন।

Advertisement

নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ সফর করা ছাড়াও রাজ্যে চলা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া কমিশনের নির্দেশ মেনে হচ্ছে কি না, তা খতিয়ে দেখবেন নতুন পর্যবেক্ষক। শুধু ভোটার তালিকা নয়, ভোটগ্রহণের প্রস্তুতি, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক নির্বাচনী পরিস্থিতিও তাঁর পর্যবেক্ষণের আওতায় থাকবে। পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন এবং প্রয়োজনে সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন বিশেষ পর্যবেক্ষক এন কে মিশ্রা।

বিশেষ পর্যবেক্ষক হিসেবে কাজ করার সময় কোনও নির্বাচনী আধিকারিক বা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সরাসরি প্রশংসাপত্র দিতে পারবেন না তিনি। যদি কোনও আধিকারিকের কাজ প্রশংসার যোগ্য বলে মনে হয়, তা হলে বিস্তারিত কারণ জানিয়ে কমিশনের কাছে সুপারিশ পাঠাতে হবে।

উল্লেখ্য, ভিন রাজ্যের পর্যবেক্ষক নিয়ে একাধিক বার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলা দায়ের হয় এবং মুখ্যমন্ত্রী নিজে সেই মামলায় সওয়াল করেন। কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজার্ভার সব সিদ্ধান্ত নিচ্ছেন এবং রাজ্যের আধিকারিকদের সিদ্ধান্ত মানছেন না বলে আদালতে জানান মুখ্যমন্ত্রী।  ইআরও বা এইআরওরদের না জানিয়ে মাইক্রো অবজার্ভাররা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরও আবার সব কাজ খতিয়ে দেখতে ভিনরাজ্যের বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন।

Advertisement