• facebook
  • twitter
Friday, 13 February, 2026

মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬

কলকাতার সমৃদ্ধ সাংস্কৃতিক মানচিত্রে ‘ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬’ নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিজস্ব চিত্র

কলকাতার সাংস্কৃতিক ক্যালেন্ডারে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে অনুষ্ঠিত হতে চলেছে ‘ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬’। এবারের মূল ভাবনা ‘দ্য ভিশন ইন কন্টিনিউম: এ সাগা অফ বর্ডারলেস হিউম্যানিটি’— যার লক্ষ্য ভারতীয় সভ্যতার ধারাবাহিক জ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে বিশ্বমুখী করে তোলা।

ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার-এর সহযোগিতায় আয়োজিত এই দুই দিনের উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সাংস্কৃতিক মহলে উন্মাদনা শুরু হয়েছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাব-এ আয়োজিত প্রোগ্রাম লঞ্চ অনুষ্ঠানে উৎসবের রূপরেখা প্রকাশ করা হয়।

Advertisement

এই উপলক্ষে প্রদান করা হয় ‘মানবতা সম্মান গ্লোবাল ২০২৬’ এবং ‘এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অ্যাওয়ার্ড’। বিশিষ্ট সন্তুর শিল্পী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পণ্ডিত তরুণ ভট্টাচার্য-কে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান তুলে দেওয়া হয়। একই সঙ্গে তবলা শিল্পী ও সুরকার পণ্ডিত তন্ময় বসু-কেও বিশেষ সম্মানে ভূষিত করা হয়।

Advertisement

ইন্ডিকা ফেস্টিভ্যালের ফাউন্ডার প্রেসিডেন্ট সোমালী পান্ডা বলেন, ‘এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং ভারতীয় জ্ঞানপ্রথা, আধ্যাত্মিকতা ও শিল্পভাবনার এক দীর্ঘমেয়াদি বৌদ্ধিক যাত্রা। নতুন প্রজন্মকে ভারতের ঐতিহ্যবাহী জ্ঞানব্যবস্থার সঙ্গে যুক্ত করা এবং সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে তা তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।’

ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন সুমন্ত রুদ্র জানান, ‘সাংস্কৃতিক চর্চা ও একাডেমিক অনুসন্ধানকে এক মঞ্চে এনে বিশ্বব্যাপী ভারতীয় জ্ঞানের বিস্তারের পথ খুলে দেওয়াই এই আয়োজনের লক্ষ্য।’

উৎসবের কর্মসূচিতে থাকছে শাস্ত্রীয়, লোক ও সমকালীন সঙ্গীত, নৃত্য, কবিতা, মনোলগ ও পারফরম্যান্স আর্ট। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক সংলাপের আয়োজন করা হবে। ভিজ্যুয়াল আর্ট, হস্তশিল্প, ফটোগ্রাফি ও কারুশিল্পও থাকবে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

আয়োজকদের দাবি, সঙ্গীত ও সংস্কৃতির মাধ্যমে মানবিক সংযোগ, সহমর্মিতা ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়াই এই উৎসবের প্রধান লক্ষ্য। কলকাতার সমৃদ্ধ সাংস্কৃতিক মানচিত্রে ‘ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬’ নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Advertisement