• facebook
  • twitter
Monday, 9 February, 2026

আদনান সামীর সঙ্গে ভাগবতের নৈশভোজ ঘিরে বিতর্ক

তাদের দাবি, পাকিস্তানি বায়ুসেনার প্রাক্তন আধিকারিকের পুত্র আদনান সামীর সঙ্গে এক টেবিলে বসে নৈশভোজ করা কার্যত দেশবিরোধী কাজ

আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরকার আদনান সামীর নৈশভোজের ছবি প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্কে উত্তাল জাতীয় রাজনীতি। মহারাষ্ট্র কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে আরএসএস ও ভাগবতকে কড়া ভাষায় আক্রমণ করেছে। তাদের দাবি, পাকিস্তানি বায়ুসেনার প্রাক্তন আধিকারিকের পুত্র আদনান সামীর সঙ্গে এক টেবিলে বসে নৈশভোজ করা কার্যত দেশবিরোধী কাজ।

আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে মুম্বইয়ে আয়োজিত দু’দিনের অনুষ্ঠানে বলিউডের একাধিক বিশিষ্ট শিল্পীর সঙ্গে আমন্ত্রিত ছিলেন আদনান সামীও। সেখানেই ভাগবতের সঙ্গে তাঁর নৈশভোজের ছবি সামনে আসে। এক্স হ্যান্ডেলে মহারাষ্ট্র কংগ্রেস লিখেছে, আদনানের বাবা আরশাদ সামী খান ১৯৬৫ সালের যুদ্ধে পাকিস্তানি বায়ুসেনার পাইলট হিসেবে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিলেন। সেই ব্যক্তির ছেলের সঙ্গে আরএসএস প্রধানের নৈশভোজ ‘দেশদ্রোহিতার সামিল’ বলে কটাক্ষ করে কংগ্রেস।

Advertisement

যদিও এই সমালোচনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সঙ্ঘ নেতৃত্ব এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত আদনান শামি নিজেও। সমাজমাধ্যমে ভাগবতের সঙ্গে ছবি পোস্ট করে আদনান লেখেন, তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনায় অনেক ভুল ধারণা ভেঙেছে এবং ভাগবতকে তিনি সজ্জন ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে দেখেছেন। এদিকে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বাংলাদেশ প্রসঙ্গেও বার্তা দেন। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী প্রায় ১.২৫ কোটি হিন্দু ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকারের দাবিতে লড়লে বিশ্বের হিন্দুরা তাঁদের পাশে দাঁড়াবে।

Advertisement

Advertisement