• facebook
  • twitter
Friday, 6 February, 2026

বাজেট অধিবেশনে নজিরবিহীন বাক্ যুদ্ধ, উদয়ন–শুভেন্দুর তর্কে উত্তপ্ত বিধানসভা

বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে এভাবে পিতৃপরিচয় ঘিরে শাসক ও বিরোধী নেতাদের প্রকাশ্য বাক্যযুদ্ধ বিধানসভার ইতিহাসে একেবারেই নজিরবিহীন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাজেট অধিবেশনের মাঝেই নজিরবিহীন বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার পর শুক্রবার তা নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাক্যযুদ্ধ ছড়িয়ে পড়ে। এই বাদানুবাদের কেন্দ্রে উঠে আসেন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী উদয়ন গুহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিধানসভার শুরুতেই অন্তর্বর্তী বাজেট নিয়ে বক্তব্য রাখতে ওঠেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অভিযোগ, সেই সময় তাঁকে বারবার বাধা দিচ্ছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে সামান্য কথাকাটাকাটি হলেও পরিস্থিতি দ্রুত তুমুল বাক্যযুদ্ধের আকার নেয়।

Advertisement

অভিযোগ, শুভেন্দু অধিকারী উদয়ন গুহকে উদ্দেশ করে ‘গুন্ডা’ শব্দ ব্যবহার করেন। বাজেট আলোচনা শেষে এই প্রসঙ্গে বক্তব্য রাখতে উঠে উদয়ন বলেন, বিরোধী দলনেতা বিধানসভার বাইরেও প্রায়শই তাঁর বিরুদ্ধে এ ধরনের আক্রমণাত্মক মন্তব্য করেন। নিজের পিতৃপরিচয় উল্লেখ করে উদয়ন জানান, তাঁর বাবা কমল গুহ ১৯৬২ সাল থেকে সাতবার বিধানসভার সদস্য ছিলেন এবং বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

Advertisement

এই বক্তব্যের মাঝেই শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘আপনিই তো নিজের বাবাকে চোর বলেছেন।’ এর পালটা জবাবে উদয়ন গুহ বলেন, ‘আপনি প্রমাণ করে দেখান আমি বাবাকে কখনও চোর বলেছি। আমি শুধু তাঁর কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেছি।’ এরপর শুভেন্দু অধিকারীকে সরাসরি খোঁচা দিয়ে উদয়ন গুহের মন্তব্য ঘিরেই চরম উত্তেজনা ছড়ায়। তিনি বলেন, ‘আপনি তো শিশিরবাবুর ছেলে। অথচ নিজেকে বলেন মোদির ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?’ এই মন্তব্যের পরেই বিধানসভায় তীব্র হইচই শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন। তিনি দুই পক্ষকেই সতর্ক করে জানান, এই ধরনের কুরুচিকর ও ব্যক্তিগত মন্তব্য বিধানসভার মর্যাদার পরিপন্থী। স্পিকার নির্দেশ দেন, উদয়ন গুহ ও শুভেন্দু অধিকারীর এই কথোপকথনের অংশ বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।

রাজনৈতিক মহলের মতে, বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে এভাবে পিতৃপরিচয় ঘিরে শাসক ও বিরোধী নেতাদের প্রকাশ্য বাক্যযুদ্ধ বিধানসভার ইতিহাসে একেবারেই নজিরবিহীন। এই ঘটনায় বিধানসভার পরিবেশ ও রাজনৈতিক শালীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement