হাওয়া অফিস জানাচ্ছে, রবিবারের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি, আর গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাত দিন আবহাওয়া থাকবে শুষ্ক এবং আকাশ মূলত পরিষ্কার থাকবে।
Advertisement
তাপমাত্রা কমার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার দাপট বেশি হতে পারে।
Advertisement
অন্যদিকে উত্তরবঙ্গেও জারি সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। দার্জিলিঙের পার্বত্য এলাকায় পারদ থাকবে ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে, আর সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
Advertisement



