• facebook
  • twitter
Thursday, 5 February, 2026

আজ সকাল সাড়ে ১০টায় ডিএ মামলার রায় ঘোষণা

শীর্ষ আদালতের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ সরকারি কর্মী

প্রতিনিধিত্বমূলক চিত্র

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায়। ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শীর্ষ আদালতের ১১ নম্বর এজলাসে এই রায় ঘোষণা হবে বলে জানা গিয়েছে। রায় ঘিরে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ সরকারি কর্মীর মধ্যে চরম উৎকণ্ঠা ও আশার আবহ তৈরি হয়েছে।

সূত্রের খবর, গত বছরের ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি সম্পূর্ণ হয়েছিল। শুনানি শেষ হওয়ার পর শীর্ষ আদালত নির্দেশ দেয়, রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারী— উভয় পক্ষই যদি কোনও অতিরিক্ত বক্তব্য বা ব্যাখ্যা পেশ করতে চায়। তবে তা তিন সপ্তাহের মধ্যে লিখিত আকারে জমা দিতে হবে। সেই পর্ব শেষ হওয়ার পর থেকেই রায়ের অপেক্ষায় ছিলেন মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষ।

Advertisement

বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা হাতে পাচ্ছেন ১৮ শতাংশ মহার্ঘ ভাতা। তবে কর্মচারী সংগঠনগুলির দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হোক রাজ্য কর্মীদেরও। মূল্যবৃদ্ধির বাজারে সংসার চালানো কঠিন হয়ে উঠছে বলে অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন কর্মীরা। সেই দাবির ভিত্তিতেই এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

Advertisement

রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, আর্থিক সীমাবদ্ধতার কারণে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়। অন্যদিকে, কর্মীদের বক্তব্য, একই দেশে একই কাজের জন্য ভিন্ন হারে মহার্ঘ ভাতা দেওয়া বৈষম্যমূলক এবং সংবিধানসম্মত নয়। এই দুই বিপরীত যুক্তির ভিত্তিতেই শীর্ষ আদালত বিষয়টি খতিয়ে দেখে রায় দেওয়ার সিদ্ধান্ত নেয়।

রায় ঘোষণার দিনক্ষণ সামনে আসতেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এই রায় তাঁদের আর্থিক ভবিষ্যতের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন দেখার, সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবির কতটা প্রতিফলন ঘটে।

Advertisement