• facebook
  • twitter
Monday, 9 March, 2026

অন্তঃসত্ত্বা মেয়েকে খুন, অনার কিলিংয়ের অভিযোগ কর্ণাটকে 

ধারওয়াদের পুলিশ সুপার গুঞ্জন আর্য জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। হুব্বাল্লি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভিন জাতের যুবককে বিয়ে করায় অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে খুন করল তাঁর বাবা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, কর্ণাটকের হুব্বাল্লি মহকুমার ইনামপুরভিল্লা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণী মান্য প্যাটেল (১৯)  সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের অভিযোগ, পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও যুবতী চলতি বছরে মে মাসে ভিন জাতের যুবক বিবেকানন্দ দোদামানিকে বিয়ে করেছিলেন। বিয়ের পরে থেকেই নিজেদের বাড়ি ছেড়ে হাভেরি জেলায় থাকছিলেন দম্পতি। ডিসেম্বরের ৮ তারিখে দোদামানি স্ত্রীকে নিয়ে তাঁর ইনামপুরভিল্লায় নিজের বাড়িতে ফেরেন।

বিবেকানন্দর বাড়িতে ফেরার খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে চড়াও হন মান্যর বাবা এবং তাঁর পরিবারের লোকজন। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় মান্যকে। বিবেকানন্দর পরিবারের সদস্যরা মান্যকে বাঁচানোর চেষ্টা করলে তাঁদেরও মারধর করা হয়।

Advertisement

ধারওয়াদের পুলিশ সুপার গুঞ্জন আর্য জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। হুব্বাল্লি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মান্যর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মান্যর বাবা বীরানগৌড়া প্যাটেল, প্রকাশ এবং অরুণ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। আর কেউ এই ঘটনায় জড়িত কি না তার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement

Advertisement