• facebook
  • twitter
Friday, 6 February, 2026

মার্কিন চাপে রাশিয়ার তেল আমদানি বন্ধ আম্বানির রিলায়্যান্স গোষ্ঠীর

রিলায়্যান্স গোষ্ঠীর তরফে বলা হয়েছে, রুশ তেলের মজুত শেষ হয়ে গেলে ১ ডিসেম্বর থেকে তারা আর রুশ তেল থেকে উৎপাদিত পেট্রোপণ্য রপ্তানি করবে না।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিল মুকেশ আম্বানির রিলায়্যান্স গোষ্ঠী। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তথা আরআইএল ২০ নভেম্বর জানিয়েছে, গুজরাতের জামনগরের শোধনাগারের জন্য রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা আপাতত বন্ধ রাখবে এই সংস্থা। আমেরিকার চাপে পড়ে রুশ তেল কেনা কমিয়ে দিয়েছে ভারত। সম্প্রতি রুশ তেলের উপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা জারি করায় সমস্যায় পড়ে যায় রিলায়্যান্স। এই পরিস্থিতিতে আপাতত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রিলায়্যান্স গোষ্ঠী।

রিলায়্যান্স গোষ্ঠীর তরফে বলা হয়েছে, রুশ তেলের মজুত শেষ হয়ে গেলে ১ ডিসেম্বর থেকে তারা আর রুশ তেল থেকে উৎপাদিত পেট্রোপণ্য রপ্তানি করবে না। এই নিয়ে সংস্থার তরফে এক বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০ নভেম্বর থেকে আরআইএল-এর এসইজেড শোধনাগারে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। রিলায়্যান্সের মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে পুরনো মজুত তেল থেকে রুশ তেল প্রক্রিয়াকরণের কাজ চলছে। এই মজুত শেষ হলে রপ্তানির জন্য আর রাশিয়ার থেকে তেল কেনা হবে না।

Advertisement

রিলায়্যান্সের মুখপাত্র জানিয়েছেন, ‘১ ডিসেম্বর থেকে এসইজেড রিফাইনারি থেকে যে পণ্য রপ্তানি করা হবে সেগুলি এমন অপরিশোধিত তেল থেকে করা হবে যা রাশিয়া থেকে আনা নয়। ২১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হতে চলা পণ্য আমদানির ক্ষেত্রে বিধিনিষেধের জন্যই এই কাজ নির্ধারিত সময়ের আগেই করা হয়েছে।’

Advertisement

চলতি বছরের অক্টোবর মাসে রাশিয়ার বৃহত্তম ২ তেল উৎপাদনকারী সংস্থা রসনেফ্ট এবং লুকঅয়েলের উপর নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা। ২১ নভেম্বর থেকে রাশিয়ার তেল সংস্থা ২টির উপর নিষেধাজ্ঞা কার্যকর করছে ট্রাম্প সরকার।

Advertisement