• facebook
  • twitter
  • youtube
Thursday, 6 August, 2026

চূড়ান্ত হল স্কুলশিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ

৭ সেপ্টেম্বর হবে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। আর একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে ১৪ সেপ্টেম্বর।

চূড়ান্ত হল স্কুলশিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ

প্রতিনিধিত্বমূলক চিত্র

এসএসসির মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হল। গত ১৮ জুলাই স্কুল সার্ভিস কমিশন-এর তরফে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া যেতে পারে। সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাবে সায় দিয়েছে শিক্ষা দপ্তর। সম্ভবত ওই দুটি দিনই এসএলএসটি পরীক্ষা নেওয়া হবে। ৭ সেপ্টেম্বর হবে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। আর একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে ১৪ সেপ্টেম্বর।

২১ জুলাই বিকেল ৫টায় পর্যন্ত ২০২৫ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) পরীক্ষায় বসার আবেদনপত্র জমা করা গিয়েছে। মোট ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন আবেদনপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে ১৩ হাজারের বেশি ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা বলে জানিয়েছে এসএসসি। এসএসসি সূত্রে খবর, নবম-দশম শ্রেণিতে শিক্ষকতার জন্য আবেদন করেছেন ৩ লক্ষ ২৯ হাজার ৬৫০ জন। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য আবেদন করেছে ২ লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী। ২০১৬ এসএসসি নিয়োগের পরীক্ষার নিরিখে এ বার প্রায় ২ লক্ষ ৩০ হাজার আবেদন বেশি জমা পড়েছে।

সূত্রের খবর, লিখিত পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তার ব্যবস্থা কেমন হবে, তা ঠিক করতে শীঘ্রই বৈঠক ডাকা হবে। প্রসঙ্গত, এসএসসি-র তরফে ‘যোগ্য’দের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে ১৫,৪০৩ জনের নাম উল্লেখ ছিল। পরে এসসসি-র তরফে আদালতে ১,৮০১ জন ‘অযোগ্য’-এর নথি জমা দেওয়া হয়েছিল। এসএসসি-র দেওয়া তথ্য অনুযায়ী ফর্ম পূরণ করলেন ১৩,৭০০ জন। অর্থাৎ ১১ শতাংশ ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা এই নয়া প্রক্রিয়ায় যোগ দেননি। প্রায় ৮৯ শতাংশ ‘যোগ্য’ প্রার্থী যোগ দিয়েছেন।