• facebook
  • twitter
  • youtube
Monday, 10 August, 2026

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ বিভ্রাট, ছবি-ভিডিও পাঠাতে গিয়ে সমস্যায় ব্যবহারকারীরা

শুধু ছবি ও ভিডিও নয়, স্টিকার ও জিআইএফ পাঠাতেও সমস্যার মুখে পড়েছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। অনেকেই মনে করছেন, হোয়াটসঅ্যাপের সামগ্রিক মেসেজিং পরিষেবার বদলে মূলত মাল্টিমিডিয়া পরিষেবাতেই এই সমস্যা বেশি দেখা যাচ্ছে।

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ বিভ্রাট, ছবি-ভিডিও পাঠাতে গিয়ে সমস্যায় ব্যবহারকারীরা

Photo: Statesman

বিশ্বজুড়ে একাধিক দেশে সমস্যার মুখে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। সোমবার অর্থাৎ আজ ভোর থেকেই একাধিক দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পরিষেবা নিয়ে সমস্যার কথা জানিয়েছেন। বিশেষ করে ছবি, ভিডিও, স্টিকার, জিআইএফ (GIF)-সহ বিভিন্ন ধরনের মিডিয়া ফাইল পাঠাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন। তবে সাধারণ টেক্সট মেসেজ আদান-প্রদানের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি বলে অনেক ব্যবহারকারী জানিয়েছেন।

আউটেজ-ট্র্যাকিং প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সোমবার ভোর থেকেই হোয়াটসঅ্যাপ নিয়ে একের পর এক সমস্যা নিয়ে রিপোর্ট জমা পড়তে শুরু করে। রিপোর্ট হওয়া সমস্যাগুলির মধ্যে প্রায় ৩১ শতাংশ ছিল মেসেজিং সংক্রান্ত। অন্যদিকে, ৪০ শতাংশ ছিল অ্যাপ নিয়ে এবং ১৩ শতাংশ ব্যবহারকারী নোটিফিকেশন সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন।

ব্যবহারকারীদের একাংশ জানিয়েছেন, তাঁরা টেক্সট মেসেজ পাঠাতে ও গ্রহণ করতে পারলেও চ্যাটে ছবি ও ভিডিও আপলোড করতে পারছেন না। অনেক ক্ষেত্রে কাউকে ছবি পাঠাতে গেলে তা আপলোড হতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। অনেকসময় আবার বড় আকারের যে মিডিয়া ফাইল রয়েছে, তা পাঠানোর ক্ষেত্রে সমস্যা আরও বেশি দেখা যাচ্ছে বলে অভিযোগ।

শুধু ছবি ও ভিডিও নয়, স্টিকার ও জিআইএফ পাঠাতেও সমস্যার মুখে পড়েছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। অনেকেই মনে করছেন, হোয়াটসঅ্যাপের সামগ্রিক মেসেজিং পরিষেবার বদলে মূলত মাল্টিমিডিয়া পরিষেবাতেই এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। জানা গিয়েছে, ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, ব্রাজিল, কানাডা, মেক্সিকো, স্পেন ও কলোম্বিয়া-সহ একাধিক দেশে এই সমস্যার খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালী খুলতে গেলে আমেরিকাকে মানতে হবে কঠোর শর্ত, কী কী দাবি ইরানের?

বিভিন্ন দেশের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ নিয়ে তাঁদের সমস্যার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন। তবে এই বিভ্রাটের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে সমস্যাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়েছে কি না, তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে আগের থেকে বর্তমানে পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়েছে। কিন্তু পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।