• facebook
  • twitter
Wednesday, 8 April, 2026

যুদ্ধ বিরতির ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে ১০ দফা শর্ত পাঠানো হয়েছে, যা নিয়ে বর্তমানে আলোচনা চলছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের সামরিক উত্তেজনার মাঝে আপাতত স্বস্তি। দুই দেশই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, আপাতত দু’সপ্তাহের জন্য সংঘাত স্থগিত রাখা হবে এবং এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে।

ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে ১০ দফা শর্ত পাঠানো হয়েছে, যা নিয়ে বর্তমানে আলোচনা চলছে। তিনি আশাবাদী যে, এই আলোচনা ইতিবাচক ফল দেবে এবং দীর্ঘমেয়াদি সমঝোতার পথ খুলে যেতে পারে। ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি উল্লেখ করেন, ইরান গুরুত্বপূর্ণ  হরমুজ খুলে দিতে রাজি হয়েছে। এর বদলে আমেরিকাও নির্দিষ্ট সময়ের জন্য সামরিক হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবগুলির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। ইরান জানিয়েছে, তারা হরমুজ প্রণালী খুলবে ঠিকই, তবে নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই। পাশাপাশি ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলির উপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সেনাঘাঁটি খালি করার দাবিও তোলা হয়েছে।

Advertisement

এছাড়া সাম্প্রতিক সংঘাতে ইরানের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে গৃহীত প্রস্তাবগুলি প্রত্যাহার করা, আন্তর্জাতিক পরমাণু সংস্থার সিদ্ধান্ত বাতিল করা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো বিষয়ও এই তালিকায় রয়েছে। একই সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে বাইরের হস্তক্ষেপ না করার শর্তও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল প্রথমে ইরানে হামলা চালায়, পরে তাতে যোগ দেয়  আমেরিকা। পাল্টা জবাব দেয়  ইরান। শুরু হয় টানা সংঘর্ষ। এই যুদ্ধের জেরে গোটা পশ্চিম এশিয়ায় অস্থিরতা ছড়ায় এবং বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কা তৈরি হয়।

 

Advertisement