• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

আচমকা পদত্যাগ মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষকর্তার

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর ডেপুটি ডিরেক্টর ড্যান বোঙ্গিনো পদত্যাগের ঘোষণা করলেন

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর ডেপুটি ডিরেক্টর ড্যান বোঙ্গিনো পদত্যাগের ঘোষণা করলেন। বুধবার সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী জানুয়ারি মাসে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। মাত্র ১০ মাসেরও কম সময় এই পদে থাকার পর তাঁর ইস্তফা ঘিরে ওয়াশিংটনে জোর জল্পনা শুরু হয়েছে।

৫১ বছর বয়সি বোঙ্গিনো তাঁর পোস্টে লেখেন, ‘আগামী জানুয়ারি মাসে আমি এফবিআই-এ আমার পদ থেকে সরে দাঁড়াব। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং এফবিআই ডিরেক্টর কাশ পটেলকে ধন্যবাদ। দেশবাসীদের ধন্যবাদ— আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। ঈশ্বর আমেরিকা ও আমেরিকানদের মঙ্গল করুন।’ তবে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি।

Advertisement

বোঙ্গিনোর ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর মতে, বোঙ্গিনো সম্ভবত নিজের জনপ্রিয় পডকাস্টে ফিরে যেতে চান। ট্রাম্প বলেন, ‘ড্যান দুর্দান্ত কাজ করেছেন। তবে আমার মনে হয়, তিনি আবার তাঁর শো-এ ফিরতে চান।’

Advertisement

এফবিআই-এ যোগদানের আগে নিউ ইয়র্ক পুলিশের অফিসার ও সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে কাজ করেছেন বোঙ্গিনো। পরে নিজের নামেই একটি দক্ষিণপন্থী পডকাস্ট চালাতেন, যা দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল। সেখানে ট্রাম্পের পক্ষে নানা বিতর্কিত বক্তব্য ও ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করতে শোনা গিয়েছে তাঁকে। এমনকি, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন কারচুপি করে ট্রাম্পের কাছ থেকে ‘চুরি’ করা হয়েছিল বলেও দাবি করেছিলেন তিনি।

চলতি বছরের মার্চ মাসে এফবিআই-এর ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন বোঙ্গিনো। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী দীর্ঘদিন সংস্থার ভেতরে কাজ না করলে এই পদে নিয়োগ পাওয়া বিরল। সে কারণেই তাঁর নিয়োগ ঘিরে তীব্র সমালোচনা হয়। প্রায় ১৪,০০০ বর্তমান ও প্রাক্তন এজেন্টের সংগঠন এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশনও প্রকাশ্যে এই নিয়োগের বিরোধিতা করেছিল। পাশাপাশি, স্বল্প কর্মজীবনে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে তাঁর বনিবনা না হওয়া নিয়েও জল্পনা চলছিল। সেই আবহেই এ বার ইস্তফার ঘোষণা করলেন একদা দক্ষিণপন্থী এই শীর্ষকর্তা।

Advertisement