• facebook
  • twitter
  • youtube
Sunday, 21 June, 2026

দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার তেল শোধনাগারে হামলা ইউক্রেনের

তিউমেন তেল শোধনাগারকে রাশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র করে হিসেবে ধরা হয়

রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে ফের বড়সড় ড্রোন হামলা চালাল ইউক্রেন। রুশ সংবাদমাধ্যমে সূত্রে খবর, সীমান্ত থেকে প্রায় ২ হাজার কিলোমিটার ভিতরে অবস্থিত তিউমেন তেল শোধনাগারে আঘাত হানা হয়েছে। গত এক সপ্তাহে এটি দ্বিতীয় তেল শোধনাগার, যেখানে ইউক্রেন হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে।

এই হামলার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন সক্ষমতা। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন, তাঁদের দেশ প্রায় ৩ হাজার কিলোমিটার পাল্লার ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। ফলে রাশিয়ার গভীরে প্রবেশ করে কৌশলগত স্থাপনাগুলিকে নিশানা করার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন তাদের সামরিক কৌশলে পরিবর্তন এনেছে। তুলনামূলকভাবে কম খরচের ড্রোন ব্যবহার করে রাশিয়ার জ্বালানি ও শক্তি পরিকাঠামোতে হামলা চালানো হচ্ছে। তবে তিউমেন শোধনাগারে ঠিক কোন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

তিউমেন তেল শোধনাগারকে রাশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র করে হিসেবে ধরা হয়। প্রতিদিন প্রায় ১ লক্ষ ৫১ হাজার ব্যারেল অপরিশোধিত তেল এখানে প্রক্রিয়াকরণ করা হয় বলে খবর। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এই কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

গত কয়েক মাস ধরে রাশিয়ার জ্বালানি পরিকাঠামোর উপর ইউক্রেনের ধারাবাহিক হামলার প্রভাব পড়তে শুরু করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ রাশিয়ার কিছু অঞ্চলে জ্বালানির সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং মস্কোতেও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

উল্লেখ্য, কয়েক দিন আগেই মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারেও ড্রোন হামলা হয়েছিল। ওই কেন্দ্রটি রাজধানীর পেট্রল ও ডিজেল সরবরাহের একটি বড় অংশ পূরণ করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও দূরবর্তী অঞ্চলে হামলার খবর সামনে এল।

অন্যদিকে, শনিবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় রুশ বাহিনী। বিশেষ করে জাপোরিজিয়া, সুমি এবং খারকিভ অঞ্চলে ব্যাপক আক্রমণের খবর পাওয়া গিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন আহত হয়েছেন। খারকিভের একটি আবাসিক এলাকাতেও বোমাবর্ষণের অভিযোগ উঠেছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার তিউমেন অঞ্চলে পাল্টা ড্রোন হামলার ঘটনা সামনে আসে।