নেপালে হড়পা বানের ভয়াবহ চিত্র দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব। নেপালে উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততোই হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এর মধ্যে ফের ভয়াবহ হড়পা বানের খবর মিলল। এবার হড়পা বানে বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমেরিকার অ্যারিজোনা প্রদেশের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে। প্রবল বৃষ্টির জেরে আচমকা বন্যায় অন্তত ১৫ জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস (NPS)। তবে এখনও পর্যন্ত ৬২ জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, শনিবার গ্র্যান্ড ক্যানিয়নের ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন এবং ফ্যান্টম র্যাঞ্চ এলাকায় প্রবল হড়পা বান আছড়ে পড়ে। এরপর ঝড় ও ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বন্যার জেরে একাধিক ফুটব্রিজ সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পার্কের পরিকাঠামোও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
🇺🇸: Flash floods sweep Grand Canyon, 62 evacuated and more than 20 still missing.
A flash flood hit Bright Angel Canyon and Phantom Ranch at Grand Canyon National Park on Aug. 29, 2026. By Sunday morning, 62 people had been evacuated with no injuries reported; officials say… pic.twitter.com/BT2YxN49uy
— World In Last 24hr (@world24x7hr) August 30, 2026
ব্রাইট অ্যাঞ্জেল ক্রিটের উপরে থাকা সমস্ত ফুটব্রিজই বন্যার জলে ভেসে গিয়েছে। এর ফলে ওই এলাকায় বহু পর্যটক আটকে পড়েন। পরে তাঁদের হেলিকপ্টারে মাধ্যমে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। নিখোঁজদের সন্ধানে এখনও তল্লাশি ও উদ্ধারকাজ চলছে। প্রশাসন সাধারণ মানুষের কাছ থেকে তথ্য নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে সেখানকার হড়পা বানের ভয়াবহ ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ভিডিয়োয় কলোরাডো নদীতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং বন্যার বয়ে আসা বিভিন্ন ধ্বংসাবশেষ দেখা গিয়েছে। প্রশাসন সতর্ক করে জানিয়েছে, এখনও পর্যন্ত বিপদ কাটেনি। আগামী দিনে আরও ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্যানিয়নের কিছু এলাকায় প্রতি ঘণ্টায় প্রায় ২.৫ সেন্টিমিটার হারে বৃষ্টিও রেকর্ড হয়েছে।
আরও পড়ুন: ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে, দাবি ট্রাম্পের
জানা গিয়েছে, আরও বৃষ্টি হলে নতুন করে হড়পা বান, ধস ও পাথর গড়িয়ে পড়ার মতো বিপদ তৈরি হতে পারে। সেই সঙ্গে নদীর গতিপথেও দ্রুত পরিবর্তন আসতে পারে। বন্যার পর ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড, ফ্যান্টম র্যাঞ্চ এবং নর্থ কাইবার ট্রেলের কিছু অংশ থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলাকাগুলি বন্ধ রাখা হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভিতরের সমস্ত লজ ও হোটেলও বন্ধ করে দেওয়া হয়েছে।




