• facebook
  • twitter
  • youtube
Monday, 10 August, 2026

সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬ বাংলাদেশি শ্রমিক

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে নিহতদের পরিবারের হাতে যাতে দ্রুত সম্ভব দেহ তুলে দেওয়া যায়, তার জন্য সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬ বাংলাদেশি শ্রমিক

File Photo

সৌদি আরবে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রক এ কথা জানিয়েছেন। নিহতদের অধিকাংশই বাংলাদেশের নওগাঁ ও নাটোর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, রিয়াদের মুসা সানাইয়া এলাকায় রবিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিদেশমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদে পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসও এক বিবৃতিতে জানিয়েছে, মুসা সানাইয়া এলাকায় অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের হতাহতের ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। রিয়াদের দূতাবাসের একটি প্রতিনিধিদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করেছে।

দূতাবাসের তরফে জানানো হয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে সৌদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে নিহতদের পরিবারের হাতে যাতে দ্রুত সম্ভব দেহ তুলে দেওয়া যায়, তার জন্য সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ বিভ্রাট, ছবি-ভিডিও পাঠাতে গিয়ে সমস্যায় ব্যবহারকারীরা

ঘটনার খবর পাওয়ার পরে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখছে। নিহতদের দেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানিয়েছেন।