• facebook
  • twitter
Thursday, 12 February, 2026

প্রহসনের ভোট বলে তোপ শেখ হাসিনার, ভোটের হার ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের হার ও স্বচ্ছতা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা আগামী কয়েক দিন বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত রাখবে।

জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন। সমাজমাধ্যমে দেওয়া দীর্ঘ বিবৃতিতে তিনি দাবি করেছেন, জনগণের ব্যাপক অনাগ্রহ এবং কম ভোটের হারই প্রমাণ করছে এই ভোটকে মানুষ গ্রহণ করেননি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৩০ মিনিটে ভোট শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে শেষ হয়। দুপুর ২টো পর্যন্ত প্রায় ৪৭ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়। তবে চূড়ান্ত ভোটের হার এখনও প্রকাশিত হয়নি। ভোট শেষ হওয়ার পরপরই গণনা প্রক্রিয়া শুরু হয়েছে এবং শুক্রবার আনুষ্ঠানিক ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

Advertisement

কিন্তু এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ। তাদের দাবি, সকাল ১১টা পর্যন্ত বহু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। কিছু জায়গায় এক ঘণ্টার ব্যবধানে ভোটের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াকে ‘সন্দেহজনক’ বলে উল্লেখ করেছেন দলীয় নেতারা। হাসিনা তাঁর বিবৃতিতে বলেন, ‘জনগণের ভোটাধিকারকে উপেক্ষা করে একটি সাজানো নির্বাচন করা হয়েছে। বহু কেন্দ্রে ভোটার দেখা যায়নি, কোথাও কোথাও জোর করে ব্যালটে সিল মারা হয়েছে বলেও অভিযোগ এসেছে।’

Advertisement

প্রসঙ্গত, এ বারের নির্বাচনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় তারা আনুষ্ঠানিকভাবে অংশ নিতে পারেনি। সে বিষয়েও ক্ষোভ প্রকাশ করে হাসিনা বলেন, ‘আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন আয়োজন করা হয়েছে, তা কখনও গণতান্ত্রিক হতে পারে না।’ তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে পুনরায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান। পাশাপাশি দলের নেতাকর্মী-সহ বিভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে দায়ের হওয়া ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের আহ্বানও জানান।

অন্য দিকে, বিএনপি-নেতৃত্বাধীন জোট আত্মবিশ্বাসী সুরে জয়ের আশা প্রকাশ করেছে। তবে ভোটের দিন কিছু বিচ্ছিন্ন অশান্তির ঘটনাও সামনে এসেছে। খুলনায় এক বিএনপি নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, ভোটকে ঘিরে সংঘর্ষের জেরে তাঁর মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে। প্রশাসন জানিয়েছে, অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে এবং বিচ্ছিন্ন ঘটনার তদন্ত চলছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের হার ও স্বচ্ছতা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা আগামী কয়েক দিন বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত রাখবে। ফল ঘোষণার পর বিরোধী পক্ষের প্রতিক্রিয়া এবং সম্ভাব্য আন্দোলনের কর্মসূচি পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেদিকেই নজর সবার।

Advertisement