বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা মাহদী আমিন। তিনি মনে করছেন, উভয় পক্ষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ এখনও রয়েছে। তবে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। এক সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে বিস্তারিত মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম মুখপাত্র এবং দলের চেয়ারপার্সন তারেক রহমানের উপদেষ্টা হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘কিছু সমস্যা অবশ্যই আছে। কিন্তু প্রতিটি সমস্যাই মানুষে মানুষে যোগাযোগ আরও নিবিড় করার সুযোগ হয়ে উঠতে পারে। আমরা এমন একটি দ্বিপাক্ষিক সম্পর্ক চাই, যেখানে পারস্পরিক বিশ্বাস থাকবে। উভয় দেশের স্বার্থকে সমান গুরুত্ব দেওয়া হবে।’
Advertisement
প্রসঙ্গত, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দিল্লি ও ঢাকার সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতেই মাহদীর বক্তব্য, সম্পর্ক কখনও স্থির থাকে না। সময়ের সঙ্গে তা পরিবর্তিত হয়। তাঁর কথায়, ‘দুই দেশই যদি ন্যায্য ও সমান ভিত্তিতে উপকৃত হয়, তা হলে সম্পর্ক আরও শক্তিশালী হবে।’
Advertisement
তিনি আরও জানান, শুধু প্রতিবেশী দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গেও বাংলাদেশ পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে কাজ করতে চায়। বাণিজ্য, শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার বিস্তর সুযোগ রয়েছে বলে তাঁর মত।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকা নিয়েও প্রশ্ন করা হলে মাহদী বলেন, ‘বাংলাদেশের জনগণ একটি সিদ্ধান্ত নিয়েছে। যে দলের কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ রয়েছে। জনগণই তাদের অবস্থান স্পষ্ট করেছে।’
সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে যে উদ্বেগ রয়েছে, সে প্রসঙ্গে মাহদীর বক্তব্য, বিএনপি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শে বিশ্বাসী। তাঁর দাবি, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে এমন বার্তা দিয়ে বিএনপি একটি ভারসাম্যপূর্ণ অবস্থান তুলে ধরতে চাইছে। এখন নজর থাকবে, ভোট-পরবর্তী পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সমীকরণ কোন পথে এগোয়।
Advertisement



