• facebook
  • twitter
Thursday, 12 February, 2026

ইভিএম-ভিভিপ্যাট নিয়ে দেশজুড়ে প্রচারে নির্বাচন কমিশন

প্রায় ১ লক্ষ ২০ হাজার ভোটার উপস্থিত হয়ে ইভিএমের ব্যবহার দেখেছেন এবং ১ লক্ষ ১৬ হাজারেরও বেশি ভোটার মক ভোট দিয়েছেন।

আসন্ন নির্বাচনের আগে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে ভোটারদের সচেতন করতে বিশেষ প্রচার অভিযান শুরু করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি নির্বাচনমুখী রাজ্যে জেলা স্তর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত হাতে-কলমে প্রদর্শনের মাধ্যমে ভোটারদের আস্থা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে কমিশন সূত্রের খবর।

ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং ভিভিপ্যাটের কার্যপদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা দিতে জেলা নির্বাচন আধিকারিকদের দপ্তর ও রিটার্নিং অফিসারদের অধীনে ইভিএম প্রদর্শনী কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি মোবাইল প্রদর্শনী ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে দেওয়া হচ্ছে এই সচেতনতা কর্মসূচি।

Advertisement

কমিশনের তথ্য অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ রাজ্যে মোট ৭১৭টি প্রদর্শনী কেন্দ্র চালু হয়েছে। সেখানে প্রায় ১ লক্ষ ২০ হাজার ভোটার উপস্থিত হয়ে ইভিএমের ব্যবহার দেখেছেন এবং ১ লক্ষ ১৬ হাজারেরও বেশি ভোটার মক ভোট দিয়েছেন। ইতিমধ্যেই মোবাইল প্রদর্শনী ভ্যান প্রায় ২৯ হাজার ভোটকেন্দ্র এলাকায় পৌঁছে গিয়েছে।

Advertisement

এই কর্মসূচিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যে মোট ৩১৮টি প্রদর্শনী কেন্দ্র চালু হয়েছে। এর মধ্যে জেলা সদর দপ্তরে ২৪টি এবং রিটার্নিং অফিসার স্তরে ২৯৪টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই ২৫ হাজারের বেশি ভোটার অংশ নিয়েছেন এবং ২২ হাজারেরও বেশি ভোটার মক ভোট দিয়েছেন। পাশাপাশি মোবাইল ভ্যানের মাধ্যমে ১৮ হাজারেরও বেশি ভোটকেন্দ্র এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে এই প্রচার।

নির্বাচন কমিশনের মতে, ইভিএম নিয়ে বিভ্রান্তি দূর করা, ভোটারদের হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই ধরনের সচেতনতা অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে।

Advertisement