মার্কিন রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে এইচ-১বি ভিসাকে ঘিরে। যুক্তরাষ্ট্রে একটি প্রস্তাবিত বিলে এই ভিসা তিন বছরের জন্য স্থগিত রাখা এবং পুরো ব্যবস্থায় বড় সংস্কারের কথা বলা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে ভারতীয়-সহ বহু বিদেশি কর্মীর উপর সরাসরি প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
রিপাবলিকানদের তরফে উত্থাপিত ‘এন্ড এইচ-১বি ভিসা অ্যাবিউজ অ্যাক্ট অফ ২০২৬’ বিলে দাবি করা হয়েছে, এই ভিসা কর্মসূচির ফলে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমছে। তাই আপাতত এই ভিসা বন্ধ রেখে নতুন করে নিয়মকানুন সাজানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
Advertisement
প্রস্তাবিত পরিবর্তনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বার্ষিক ভিসা সংখ্যা ৬৫ হাজার থেকে কমিয়ে ২৫ হাজার করা। পাশাপাশি লটারি পদ্ধতির বদলে বেতন-ভিত্তিক নির্বাচন চালুর কথা বলা হয়েছে। অর্থাৎ, যেসব চাকরিতে বেশি বেতন দেওয়া হবে, সেগুলিকেই অগ্রাধিকার দেওয়া হতে পারে। বিলে বার্ষিক ন্যূনতম বেতন ২ লক্ষ ডলার নির্ধারণের কথাও উল্লেখ রয়েছে। এটি মূলত উচ্চ বেতনের এবং অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়ার জন্য একটি পরিবর্তন।
Advertisement
এছাড়াও নিয়োগকারী সংস্থাগুলিকে প্রমাণ করতে হবে যে তারা কোনও মার্কিন কর্মী না পেয়ে বিদেশি কর্মী নিয়োগ করছে এবং সেই নিয়োগের ফলে কোনও স্থানীয় কর্মী ছাঁটাই হয়নি। একই সঙ্গে এইচ-১বি ভিসাধারীদের একাধিক চাকরিতে কাজ করার উপরও নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে এই ভিসা সাধারণত ৩ বছরের জন্য দেওয়া হয়, যা পরে বাড়িয়ে মোট ৬ বছর পর্যন্ত করা যায়। এই সময়ের মধ্যেই স্থায়ী বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করার সুযোগ থাকে।
যদি বিলটি পাশ হয়, তবে শুধু নতুন আবেদনকারীদের জন্যেই নয়, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে কর্মরত বহু বিদেশি পেশাজীবীর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Advertisement



