• facebook
  • twitter
  • youtube
Tuesday, 17 November, 2026

অত্যন্ত কড়াধাতের মানুষ: ম্যানিলায় কোয়াড শীর্ষবৈঠকে মোদীকে পাশে নিয়েই ট্রাম্পের প্রশংসা, নয়া সমীকরণের ইঙ্গিত

ম্যানিলায় কোয়াড শীর্ষবৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অত্যন্ত কড়া মানুষ’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। বিরল খনিজ ও সমুদ্র নিরাপত্তা নিয়ে বৈঠক চার রাষ্ট্রনেতার।

অত্যন্ত কড়াধাতের মানুষ: ম্যানিলায় কোয়াড শীর্ষবৈঠকে মোদীকে পাশে নিয়েই ট্রাম্পের প্রশংসা, নয়া সমীকরণের ইঙ্গিত

In QUAD Trump praises Modi (Image: X/@EricLDaugh)

ভারত-প্রশান্ত মহাসাগরীয় বা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সহযোগিতা বাড়ানোর বার্তা দিয়ে মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় বসল চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ (Quad) গোষ্ঠীর শীর্ষবৈঠক। আর সেই মঞ্চে দাঁড়িয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে দাঁড়িয়ে থাকা মোদীর দিকে আঙুল দেখিয়ে ট্রাম্প বলেন, উনি অত্যন্ত কড়াধাতের মানুষ (Very tough man)। এর পরেই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্টের রসিকতা, এবং উনি সম্ভবত আরও বেশি কড়া।

ফিলিপিন্স কোয়াডের সদস্য না হলেও, চলতি বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির জোট ‘আসিয়ান’ (ASEAN)-এর বার্ষিক শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ম্যানিলাতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ২০২৪ সালের পর এই প্রথম বার কোয়াডের চার রাষ্ট্রনেতা মুখোমুখি বৈঠকে বসলেন এবং এই প্রথম বার সদস্য-বহির্ভূত কোনও দেশে কোয়াড শীর্ষবৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে মোদী, ট্রাম্প এবং তাকাইচি ছাড়াও যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।

মোদী-ট্রাম্প রসায়ন

বৈঠকের শুরুতে ফোটোসেশনের সময় এবং আলোচনার টেবিলে মোদী ও ট্রাম্পের চেনা রসায়ন ফের নজর কেড়েছে। মোদীকে নিজের ‘বন্ধু’ এবং ‘মহান নেতা’ বলে অভিহিত করে ট্রাম্প জানান, গোটা বিশ্বেই ভারতের প্রধানমন্ত্রীর যথেষ্ট সম্মান রয়েছে। কোয়াডভুক্ত চার দেশের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্য দিকে, ম্যানিলায় কোয়াড বৈঠক আয়োজনকে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, গত বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত চার দেশের বিদেশমন্ত্রীরা পাঁচ বার বৈঠকে বসেছেন, যা এই জোটের প্রতি সদস্য দেশগুলির রাজনৈতিক সদিচ্ছা এবং দায়বদ্ধতারই প্রমাণ। আগামী দিনে সহযোগিতার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করতে এই শীর্ষবৈঠক সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আলোচনার কেন্দ্রে বিরল খনিজ, সমুদ্র নিরাপত্তা ও এআই

বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থানীয় নিরাপত্তা, বাণিজ্যিক জলপথের সুরক্ষা এবং বিরল খনিজের সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ জানান, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে কোয়াডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চার দেশের আলোচনায় বিরল খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সমুদ্র নিরাপত্তার মতো বিষয়গুলি অগ্রাধিকার পেয়েছে।

আমেরিকায় বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ‘সুপার ইন্টেলিজেন্স’ হিসেবে অভিহিত করা হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে বৈঠকে ট্রাম্প মন্তব্য করেন, সুপার ইন্টেলিজেন্সের ইতিবাচক দিকগুলিকে কাজে লাগানোর পাশাপাশি এর ঝুঁকি সম্পর্কেও চার দেশকে সতর্ক থাকতে হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ কোয়াড কাঠামোয় আরও গতি আনার পক্ষে সওয়াল করেন।

তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ম্যানিলার এই বৈঠক আন্তর্জাতিক রাজনীতির নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, আগামী বৃহস্পতিবার, ১৯ নভেম্বর চিনের শেনঝেনে এপেক (APEC) সম্মেলনের ফাঁকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প। ওয়াশিংটন ও বেজিংয়ের সাম্প্রতিক কাছাকাছি আসার চেষ্টার জেরে কোয়াডের গুরুত্ব ফিকে হয়ে যাচ্ছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু চিন সফরের ঠিক দু’দিন আগে ম্যানিলায় দাঁড়িয়ে মোদী, তাকাইচি এবং অ্যালবানিজের সঙ্গে বৈঠক করে ট্রাম্প স্পষ্ট বার্তা দিলেন যে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কোয়াডের প্রাসঙ্গিকতা অটুট রয়েছে।