• facebook
  • twitter
  • youtube
Wednesday, 7 October, 2026

কৃষ্ণসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, জাহাজে ছিলেন ২৩ জন ভারতীয়

জাহাজে থাকা ২৩ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ

কৃষ্ণসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, জাহাজে ছিলেন ২৩ জন ভারতীয়

Image: ANI

আবারও উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণসাগর। পর পর দু’দিন ওই জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর ড্রোন (Oil Tanker Attack) হামলা চালানো হয়েছে। এর ফলে নতুন করে সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার রোমানিয়ার জলসীমার কাছে তুরস্কের একটি পণ্যবাহী জাহাজে হামলার পর মঙ্গলবার সোচির কাছে কৃষ্ণসাগরে হামলার শিকার হল লাইবেরিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার। রাশিয়ার দাবি, ইউক্রেনের ড্রোন হামলাতেই ওই জাহাজে আগুন ধরে যায়। জাহাজের ২৩ নাবিকই ছিল ভারতীয়। তাঁদের সকলসেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।

রাশিয়ার পরিবহন মন্ত্রক জানিয়েছে, সোচির উপকূলের কাছে লাইবেরিয়ার পতাকাবাহী ওই ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়। জাহাজে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। জাহাজে থাকা ২৩ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বরফের অতলে মহাজাগতিক দূতের সন্ধান: পদার্থবিদ্যায় নোবেল পেলেন আইসকিউবের স্বপ্নদ্রষ্টা ফ্রান্সিস হ্যালজেন

ঘটনার পর সোচি শহরের উপকূলবর্তী এলাকায় সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়।সমাজমাধ্যমে ইতিমধ্যেই হামলার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে সমুদ্রের ধারে একটি জাহাজকে আগুন জ্বলতে এবং তার উপর থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। যদিও ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।

এর মাত্র এক দিন আগেই কৃষ্ণসাগরে রোমানিয়ার জলসীমার বাইরে তুরস্কের একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত দু’জন নাবিকের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও কয়েক জন। আহতদের মধ্যে এক জন ভারতীয় নাবিকও রয়েছেন। ওই জাহাজে থাকা আরও দুই ভারতীয় নাবিক অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন রোমানিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় রাষ্ট্রদূত মনোজ মহাপাত্রও তিন নাবিকের সঙ্গে কথা বলেছেন। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কৃষ্ণসাগরে রুশ ড্রোন হামলা, তুরস্কের কার্গো জাহাজে নিহত ২, আহত ভারতীয়

তুরস্কের জাহাজে রুশ হামলার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল নয়াদিল্লি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, অসামরিক জাহাজকে কোনও ভাবেই হামলার লক্ষ্য করা ঠিক নয়। তাঁর কথায় কৃষ্ণসাগর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল পর্যন্ত চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। রাশিয়া-ইউক্রেন সংঘাত একমাত্র আলোচনা ও কূটনীতির মাধ্যমেই থামানো সম্ভব বলে জানান তিনি। তবে লাইবেরিয়ার তেলবাহী ট্যাঙ্কার ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কৃষ্ণসাগরকে ঘিরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের পাল্টাপাল্টি হামলার জেরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। রাশিয়ার হামলার পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। এই পরিস্থিতিতে কৃষ্ণসাগরে হামলা অসামরিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন।

দেখুন: