• facebook
  • twitter
Tuesday, 24 February, 2026

নেদারল্যান্ডসে প্রথম সমকামী প্রধানমন্ত্রী রব জেটেন, শুভেচ্ছা মোদীর

নির্বাচনের ফল ঘোষণার পর টানা ১১৭ দিনের রাজনৈতিক দরকষাকষির শেষে তিনটি দল মিলে গঠন করেছে জোট সরকার

ইতিহাস সৃষ্টি করে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হলেন রব জেটেন।  মাত্র ৩৮ বছর বয়সে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নতুন অধ্যায় শুরু করলেন তিনি। একই সঙ্গে নিজের সমকামী পরিচয় প্রকাশ্যে স্বীকার করে ডাচ রাজনীতিতে এক সাহসী বার্তাও দিয়েছেন। আর্জেন্টিনার হকি তারকা নিকোলাস কিনানের সঙ্গে তাঁর সম্পর্ক এবং তাঁদের অন্তরঙ্গ ছবি আগেই সমাজমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছিল।

নির্বাচনের ফল ঘোষণার পর টানা ১১৭ দিনের রাজনৈতিক দরকষাকষির শেষে তিনটি দল মিলে গঠন করেছে জোট সরকার। ডাচ সংসদের নিম্নকক্ষে মোট ১৫০টি আসনের মধ্যে জেটেনের দল ডেমোক্র্যাটস পেয়েছে ৬৬টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ক্রিশ্চান ডেমোক্র্যাট এবং পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসির সঙ্গে জোট বেঁধেই সরকার গঠন করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জটিলতার অবসান ঘটিয়ে সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রব। ডাচ মুলুকে তৈরি হয়েছে ‘সংখ্যালঘু’দের সরকার।

Advertisement

দশ বছরের রাজনৈতিক জীবনে তিনি দ্রুত উত্থান দেখেছেন। ৩১ বছর বয়সে সংসদীয় দলের নেতা, পরে পরিবেশমন্ত্রী হন। বছর দুয়েক আগে উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। এবার দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। রবের এই সাফল্যে উচ্ছ্বসিত নেদারল্যান্ডসের এলজিবিটিকিউ সম্প্রদায়।

Advertisement

আর্জেন্টিনার হকি খেলোয়াড় নিকোলাস কিনানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তিনি। ২০২৪ সালে নিকোলাস কিনানের সঙ্গে বাগদান সেরেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা অবস্থান তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়েছে।

তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদী দুই দেশ। ডাচ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মোদীর বার্তা, ‘নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনকে অনেক অভিনন্দন। ভারতের সঙ্গে নেদারল্যান্ডসের বহু সম্পর্ক রয়েছে। আগামী দিনে আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।’  তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু জোট সরকার হিসেবে জেটেনের সামনে চ্যালেঞ্জও কম নয়।

Advertisement