• facebook
  • twitter
Friday, 13 March, 2026

আফগানিস্তানের কাবুলে বিমান হামলা, নিহত ৪ ও আহত ১৪

সংঘর্ষ বন্ধের আহ্বান রাষ্ট্রসঙ্ঘের

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন আহত হয়েছেন। রাষ্ট্রসঙ্ঘের আফগানিস্তান সহায়তা মিশন এই তথ্য জানিয়েছে। শহরের পুল-ই-চরখি এলাকায় বৃহস্পতিবার রাতে এই হামলা হয় বলে জানা গিয়েছে। রাষ্ট্রসঙ্ঘের ওই সংস্থা জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। সাধারণ মানুষের প্রাণহানি বন্ধ করতে অবিলম্বে সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে তারা।

সংস্থার হিসাব অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানে চলতে থাকা সংঘর্ষে অন্তত ৭৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং ১৯৩ জন আহত হয়েছেন। এই সংঘর্ষ মূলত আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনার জেরে ঘটছে। তালিবান প্রশাসনের এক মুখপাত্র দাবি করেছেন, পাকিস্তানের সেনাবাহিনী কাবুল, কান্দাহার, পাকতিয়া ও পাকতিকা সহ একাধিক এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় সাধারণ মানুষেরও প্রাণহানি হয়েছে বলে অভিযোগ।

Advertisement

এছাড়া কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বেসরকারি সংস্থার জ্বালানি ভান্ডারেও হামলার অভিযোগ উঠেছে। ওই সংস্থা বেসামরিক বিমান ও রাষ্ট্রসঙ্ঘের বিমানে জ্বালানি সরবরাহ করে বলে জানা গিয়েছে। তালিবান প্রশাসন এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় সংঘর্ষ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দ্রুত শান্ত না হলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।

Advertisement