• facebook
  • twitter
  • youtube
Saturday, 13 June, 2026

ওমান উপসাগরে ফের বাণিজ্যিক জাহাজে হামলার জল্পনা নস্যাৎ ভারতীয় বিদেশ মন্ত্রকের

পশ্চিম এশিয়ার এই গুরুত্বপূর্ণ নৌ-পথের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েই গিয়েছে।  

তিনটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সেনাবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুকে ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এই টানাপোড়েনের মধ্যেই ফের ওমান উপসাগরে একটি জাহাজে হামলার খবর সামনে আসে। শনিবার সকালে একটি তেল ও রাসায়নিক বহনকারী জাহাজ ‘লিয়াকি ফ্রিডম’  লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া যায়। এই জাহাজটিতেও বেশ কয়েকজন ভারতীয় নাবিক রয়েছেন। যদিও এই ধরণের হামলার খবর উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। জাহাজের সব নাবিকের সুস্থ থাকার কথাও বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই ফের ওমান উপসাগরে একটি জাহাজে হামলার খবর ছড়িয়ে পড়ে। যদিও বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ঘটনার সত্যতা যাচাই করা হয়েছে। ক্যাপ্টেন নিশ্চিত করেছেন, জাহাজটিতে এমন কোনও হামলা হয়নি। জাহাজের সব নাবিক নিরাপদ ও সুস্থ রয়েছেন।

এর আগে ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া বা এফএসইউআই দাবি করেছিল,  জাহাজটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এবং এর ভিএইচএফ রেডিও কাজ করছে না। ফলে জাহাজটিকে ঘিরে উদ্বেগ আরও বেড়ে যায়। যদিও পরে সরকারি সূত্র জানায়, হামলার খবর ভিত্তিহীন।

গত কয়েকদিন ধরেই ওমান উপকূলের কাছে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ উঠেছে। তিন ভারতীয় নাবিকের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলে অসামরিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। দিল্লিতে মার্কিন দূতাবাসের শীর্ষ কূটনীতিককেও তলব করা হয়েছে।

এদিকে হরমুজ প্রণালী, ওমান উপসাগর ও আশেপাশের জলসীমায় নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়তে থাকায় প্রায় ১৮ হাজার ভারতীয় নাবিকের জন্য নতুন সতর্কতা জারি করেছে ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং। ফলে পশ্চিম এশিয়ার এই গুরুত্বপূর্ণ নৌ-পথের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েই গিয়েছে।