পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। লস্কর-ই-তৈবার শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের প্রতি প্রকাশ্যে আনুগত্য দেখানোর পাশাপাশি ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন। করাচির একটি জনসভায় তাঁর দেওয়া ভাষণের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।
ওই সভায় লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার খালিদ মাসুদ সান্ধু এবং সংগঠনটির সঙ্গে যুক্ত ক্বারি মহম্মদ ইয়াকুব শেখের সঙ্গে একই মঞ্চে ছিলেন রশিদ। বক্তৃতার সময় হাফিজ সাঈদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি হাফিজ সাহেবের গোলাম।’ এরপরই ভারতকে নিশানা করে তাঁর হুমকি, ভারত যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকায়, তাহলে পরিণতি ভয়াবহ হবে।
হাফিজ সাঈদের দাবি, এমন পরিস্থিতি তৈরি হবে যে ভারতে আর পাখির ডাক শোনা যাবে না। কোনও মন্দিরেও ঘণ্টা বাজবে না। লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ মুম্বইয়ে ২৬/১১ হামলা-সহ একাধিক জঙ্গি হামলার মূলচক্রী হিসেবে পরিচিত। রাষ্ট্রসঙ্ঘ তাঁকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে নিষিদ্ধ করেছে। ভারতের পাশাপাশি আমেরিকাও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট, নেপথ্যে কি কারণ?
২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইমরান খানের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রশিদ। তিনি আওয়ামি মুসলিম লিগের প্রতিষ্ঠাতা। অতীতে হাফিজ সাঈদের সঙ্গে যোগাযোগের অভিযোগে মার্কিন প্রশাসনের কড়া নজরেও এসেছিলেন তিনি। ফলে লস্কর নেতাদের সঙ্গে তাঁর প্রকাশ্য উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।




