• facebook
  • twitter
  • youtube
Saturday, 12 September, 2026

বরিশালে বাংলা দৈনিকের অফিসে প্রাক্তন সাংবাদিকের ঝুলন্ত দেহ উদ্ধার, তুঙ্গে আলোড়ন

পুলিশ সূত্রে প্রকাশিত খবরে দাবি, পুলকের পাওনা-সংক্রান্ত কিছু বিষয় নিয়ে সংবাদপত্র কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর হয়েছিল। তবে সাম্প্রতিক

বরিশালে বাংলা দৈনিকের অফিসে প্রাক্তন সাংবাদিকের ঝুলন্ত দেহ উদ্ধার, তুঙ্গে আলোড়ন

Journalist Hanging Body Photo-SNS

বাংলাদেশের বরিশালে জনপ্রিয় বাংলা দৈনিক ‘সমকাল’-এর আঞ্চলিক কার্যালয় থেকে প্রাক্তন সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় শুক্রবার সন্ধ্যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্যারারা রোডের কার্যালয়ের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একাধিক ‘সুইসাইড নোট’ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় সমকালের বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী অফিসে গিয়ে পুলকের দেহ দেখতে পান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকের দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

পুলক দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৩ সাল পর্যন্ত তিনি সমকালের বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন। এর আগে অন্য একটি সংবাদপত্রেও ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছেন। বরিশাল প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বরিশাল সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সভাপতিও ছিলেন তিনি। সমকাল থেকে অব্যাহতি পাওয়ার পরও সংবাদপত্রটির সঙ্গে তাঁর যোগাযোগ বজায় ছিল। নিয়মিত আঞ্চলিক দপ্তরে এসে সংবাদপত্র পড়তেন এবং প্রাক্তন সহকর্মীদের খবর তৈরির কাজে সাহায্যও করতেন। দপ্তরের একটি চাবিও তাঁর কাছে ছিল বলে জানিয়েছেন সহকর্মীরা।

পুলিশ সূত্রে প্রকাশিত খবরে দাবি, পুলকের পাওনা-সংক্রান্ত কিছু বিষয় নিয়ে সংবাদপত্র কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর হয়েছিল। তবে সাম্প্রতিক একটি প্রতিবেদনে তাঁর অসুস্থতা ও বেকারত্বের কারণে মানসিক যন্ত্রণার কথাও উঠে এসেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নোটগুলিতে পরিবার এবং এক সহকর্মীর কাছে ক্ষমা চাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। মেয়েকে পড়াশোনা ও গানের তালিম চালিয়ে যাওয়ার অনুরোধও রয়েছে সেই নোটে।

পুলকের পরিবারে স্ত্রী ও এক কন্যা রয়েছেন। তাঁর মৃত্যুতে বরিশালের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অন্যান্য তথ্য হাতে আসার পরই মৃত্যুর বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।