কাতারের গ্যাস উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ। রবিবার রাতে দেশের অন্যতম বড় গ্যাস উৎপাদন কেন্দ্র রাস লাফানে বিস্ফোরণ ঘটে। কাতার এনার্জি জানিয়েছে রাস লাফানের বারজান এলাকায় একটি গ্যাস সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পশ্চিম এশিয়ায় সংঘর্ষের সময় অর্থাৎ মার্চ মাসে রাস লাফানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। তার প্রভাব পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক গ্যাসের উৎপাদনে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন এবং আরও ১৮ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে তা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
দেশের সরকার নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থা ‘কাতার এনার্জি’-র বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে ঘরোয়া বাজারে এলএনজি সরবরাহকারী ওই কেন্দ্রের সম্পূর্ণ ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা সম্ভব হয়নি। অন্যদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রক আলাদা বিবৃতিতে জানিয়েছে, এটি সম্ভবত একটি দুর্ঘটনা এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনও গ্যাস নির্গত হয়নি। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় এবং তদন্ত চলছে বলে খবর।




