• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

ঘরের ছেলে ‘রাহুলের’ জন্য আজ মাঠে লাল-হলুদ শিবির

রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে এবারে এক অভূতপূর্ব উদ্যোগ নিল ইস্টবেঙ্গল। প্রাক্তন ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রিবিউট ম্যাচের আয়োজন করা হযেছে।

তিনি ছিলেন ইস্টবেঙ্গল অন্ত প্রাণ। নিজেও থাকতেন উদবাস্ত কলোনি বিজয়গড়ে। ইস্টবেঙ্গলের খেলা থাকলে প্রতিবারই লাল হলুদ জার্সি পড়ে খেলা দেখতে যেতেন। তিনি আর কেউ নন, অভিনেতা অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। যিনি পরবর্তীতে পরিচিত হন রাহুল নামে।

যেতেন, থাকতেন, ছিলেন। লিখতে হচ্ছে এই শব্দগুলি, কারণ রাহুল আর আমাদের মধ্যে নেই। মাত্র ৪২ বছর বয়সে তালসারিতে মেগাসিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। আর অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সিনেমা সহ খেলার জগতেও।

আর সেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে এবারে এক অভূতপূর্ব উদ্যোগ নিল ইস্টবেঙ্গল। প্রাক্তন ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রিবিউট ম্যাচের আয়োজন করা হযেছে। ইস্টবেঙ্গলের প্রথমবারের আইএসএল চ্যাম্পিয়ন হওয়া দেখে যেতে পারেননি রাহুল। যদিও তাঁর ছবি দেখা গিয়েছিল গ্যালারিতেও। আর এবারে তাঁকে ভালোবেসে সম্মান জানিয়েই মাঠে নামলো লাল হলুদ শিবির। কেবলমাত্র তাঁর জন্যই। কিন্তু আফসোস তা দেখতে পাবেন না রাহুল।

সিনেমা হোক বা থিয়েটার, সর্বত্র অবাধ যাতায়াত ছিল অভিনেতা রাহুলের। এমনকি কলম হাতেও ছিলেন বেশ দড়। তাঁর লেখার পাঠক সংখ্যাও ছিল রীতিমত ঈর্ষা করার মত। অথচ থাকতেন অত্যন্ত সাধারণ ভাবে। ঠিক যেন পাশের বাড়ির ছেলে।  আজীবন কট্টর ইস্টবেঙ্গল সমর্থক বামপন্থী রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশে এক অভিনব মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে শহর কলকাতা। রাহুল অভিনীত সিনেমা ‘ছবিওয়ালা’ র পক্ষ থেকে এবং ছবির পরিচালক শুভ্রজ্যোতির উদ্যোগেই আজ ১৫ জুন এই ম্যাচের আয়োজন করা হয়েছে। আর এই ম্যাচে খেলেছেন অ্যালভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, সৈয়দ রহিম নবি, অসীম বিশ্বাস, অর্ণব মণ্ডল, সৌমিক দদে, মহম্মদ রফিক সহ একাধিক ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাকে। এই ম্যাচকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার।

বাঙালির ফুটবল আবেগে গ্যালারি আর সিনেমার মেলবন্ধন ঘটিয়ে এই বিশেষ ইভেন্টের মূল ট্যাগলাইন রাখা হয়েছে ‘লাল হলুদ গ্যালারির ছবিওয়ালা’। গ্যালারিতে রাহুলের আবেগ, জয়ধ্বনি ও ফুটবল নিয়ে উন্মাদনাও দেখা গিয়েছে।