• facebook
  • twitter
  • youtube
Tuesday, 17 November, 2026

লন্ডনে ডিম-থেরাপি: শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় চড়ছে পারদ, সংঘর্ষের জেরে পালাতে হল বাংলাদেশের সাংসদকে

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণার মধ্যেই উত্তপ্ত লন্ডন। নাহিদ ইসলামের সংবর্ধনা ঘিরে আওয়ামি লিগ ও এনসিপি-র সংঘর্ষ, লাঠিচার্জ লন্ডন পুলিশের।

লন্ডনে ডিম-থেরাপি: শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় চড়ছে পারদ, সংঘর্ষের জেরে পালাতে হল বাংলাদেশের সাংসদকে

Bangladesh MP NCP leader Nahid Islam attacked in London (Image: X/@NahidIslam_24)

চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। এবার সেই উত্তাপের আঁচ গিয়ে পৌঁছল সুদূর ব্রিটেনেও। সোমবার রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে (Romford) বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র প্রধান তথা সাংসদ নাহিদ ইসলামের (Nahid Islam) একটি সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়লেন আওয়ামি লিগ (Awami League) এবং এনসিপি-র সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো লাঠিচার্জ করতে হয় লন্ডন পুলিশকে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত চার থেকে পাঁচ জন আহত হয়েছেন। উত্তেজনার জেরে অনুষ্ঠান শেষ হতেই হলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান নাহিদ।

মেফেয়ার হলের বাইরে তুলকালাম

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’ এবং ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে রমফোর্ডের মেফেয়ার হলে (Mayfair Hall) নাহিদ ইসলামের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীনই হলের বাইরে জড়ো হন আওয়ামি লিগের কর্মী-সমর্থকেরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা ডিম ও জলের বোতল ছুঁড়তে শুরু করেন। অতিথিদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসাও বাধে।

অনুষ্ঠান শেষ হওয়ার পরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মেফেয়ার হলের পিছনের রাস্তায় এনসিপি এবং আওয়ামি লিগের সমর্থকদের মধ্যে প্রায় ২০ মিনিট ধরে ধস্তাধস্তি ও হাতাহাতি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত বারবার লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে লন্ডন পুলিশ। ‘ঢাকা ট্রিবিউন’ জানিয়েছে, এই ঘটনায় অন্তত চার জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য দিকে, ‘প্রথম আলো’-র দাবি, আহত পাঁচ জনকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জুলাই আন্দোলনের অন্যতম মুখ নাহিদ

বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে অনুষ্ঠান শুরুর প্রায় তিন ঘণ্টা আগেই মেফেয়ার হলে ঢুকে পড়েছিলেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম। পরে হলের মূল ফটকের সামনে আওয়ামি লিগ সমর্থকদের বিক্ষোভ তীব্র হলে তিনি পিছনের দরজা দিয়ে নিরাপদে বেরিয়ে যান।

মঙ্গলবার ফেসবুকে একটি বিবৃতি দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ২০২৪-এর ছাত্র আন্দোলনের নেতা নাহিদ। তাঁর অভিযোগ, পলাতক ও উগ্রপন্থী আওয়ামি লিগ কর্মীরা অনুষ্ঠানে যোগ দিতে আসা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে। ঘটনার সময় সেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন বলে দাবি করে ব্রিটেন সরকারের কাছে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।

অশান্ত বাংলাদেশও

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সম্প্রতি জানিয়েছেন, আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরতে চান। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ইতিমধ্যেই তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। তা সত্ত্বেও হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগের তরফে আগামী ১৯ নভেম্বর বাংলাদেশে ‘লকডাউন’-এর ডাক দেওয়া হয়েছে। তার আগেই রবিবার শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জড়ো হন আওয়ামি লিগের কয়েকশো কর্মী-সমর্থক। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ বাধে এবং শাসক দল বিএনপির (BNP) একাধিক কার্যালয় ও সম্পত্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই রেশ কাটতে না কাটতেই এবার লন্ডনের রাস্তায় আছড়ে পড়ল বাংলাদেশের রাজনৈতিক সংঘাত।