• facebook
  • twitter
Wednesday, 4 March, 2026

ইজরায়েলের বিদেশমন্ত্রীকে ফোন বেজিংয়ের

ইজরায়েলের বিদেশমন্ত্রী  গিডিয়ন সারকে ফোন করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই

পশ্চিম এশিয়ার আকাশে বারুদের গন্ধ। আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলার পর পাল্টা দিচ্ছে ইরান। তার জেরে পশ্চিম এশিয়ার আকাশে সিঁদুরে মেঘ। আর তার মাঝেই  ইজরায়েলের বিদেশমন্ত্রী  গিডিয়ন সারকে ফোন করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই।সঙ্গে। মঙ্গলবার হওয়া এই ফোনালাপে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, ওয়াং ই স্পষ্ট করে বলেন, বলপ্রয়োগে কোনও সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। বরং তা নতুন সংকট তৈরি করে এবং দীর্ঘমেয়াদী গুরুতর পরিণতি ডেকে আনে। তাঁর বক্তব্য, সামরিক শক্তির লক্ষ্য যুদ্ধ শুরু করা নয়, বরং সংঘাতের অবসান ঘটানো। আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা সমাধানেই চিন বিশ্বাসী—এ কথাও তিনি উল্লেখ করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে বেজিং গঠনমূলক ভূমিকা নিতে প্রস্তুত বলেও আশ্বাস দেন।

Advertisement

উল্লেখ্য, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলার পর থেকে  ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ তীব্র আকার নিয়েছে। হামলা-পাল্টা হামলায় ইরানে হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর মিলছে এবং সংখ্যাটি ক্রমশ বাড়ছে বলে বিভিন্ন সূত্রে দাবি। যুদ্ধের প্রভাব পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। সৌদি আরব, কুয়েত, বাহরিন-সহ একাধিক দেশে উদ্বেগ ছড়িয়েছে। ইরান যুদ্ধ নিয়ে এর আগে কার্যত ইজরায়েলের নিন্দা করে চিন। দ্রুত সংঘর্ষবিরতির বার্তাও দেয় বেজিং। এই পরিস্থিতিতে এবার ইজরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন চিনের বিদেশমন্ত্রী।

Advertisement

গত শনিবার ইজরায়েল ও মার্কিন বাহিনীর হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা  আয়াতোল্লা আলী খামেনি। এছাড়া একাধিক শীর্ষ নেতৃত্বের মৃত্যুর খবরও সামনে আসে। তারপর থেকেই ইরান পাল্টা হামলা চালাচ্ছে। আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে চিনের মধ্যস্থতার বার্তা কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement