• facebook
  • twitter
  • youtube
Tuesday, 3 November, 2026

ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, মৃত্যু ১ ভারতীয় নাবিকের

বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে জাহাজ ও ট্যাঙ্কারে হামলার ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনই নাবিক।

ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, মৃত্যু ১ ভারতীয় নাবিকের

Photo: Statesman

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটল। এই হামলায় গুজরাটের এক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। জাহাজটিতে থাকা বাকি ১৩ জন নাবিককে নিরাপদে ওমানের কোস্ট গার্ড উদ্ধার করেছে।

জানা গিয়েছে, এমএসভি আল জুসুফি (MSV AL JUSUFI) নামের মাল্টি-পারপাস সার্পোট ভেসেলটি গত ২ নভেম্বর ওমান উপকূল দিয়ে যাচ্ছিল। সেই সময়ে জাহাজটিতে মোট ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। জাহাজটি ওমান উপকূল দিয়ে যাওয়ার সময়ে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু আঘাত হানে। তাতে ভেসেলটি ক্ষতিগ্রস্ত হয়।

হামলার জেরে গুজরাটের বাসিন্দা গান্ধার নাহিম আজিজ গুরুতর আঘাত হন। পরে তাঁর মৃত্যু হয়। উড়ন্ত বস্তুটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন তা নির্ধারণ করা যায়নি। সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় জাহাজ পরিবহণমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, ওমানের কোস্ট গার্ড দ্রুত পদক্ষেপ করে ১৩ জন নাবিককে উদ্ধার করেছে।

নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, বাকি নাবিকদের নিরাপদে দেশে ফেরানো এবং মৃত নাবিকের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় জাহাজ পরিবহণ মন্ত্রক ও ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে কারা এই হামলা চালিয়েছে এবং কী ধরনের অস্ত্র বা গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী-সহ উপসাগরীয় জলপথে বাণিজ্যিক জাহাজগুলির উপর হামলার ঘটনা বেড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহও চাপে পড়েছে। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে জাহাজ ও ট্যাঙ্কারে হামলার ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনই নাবিক।

আরও পড়ুন: ব্রিটেনে পড়তে গেলে ব্যাঙ্কে রাখতে হবে ১৮ লক্ষ টাকা, শীঘ্রই বদলাচ্ছে পড়ুয়াদের ভিসানীতি

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই জানিয়েছিলেন, পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। সেই সঙ্গে আন্তর্জাতিক জলপথে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।