নেপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।রবিবার গভীর রাতে পোখরা থেকে কাঠমাণ্ডু যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় ১টা নাগাদ পৃথ্বী মহাসড়কে, ধাদিং জেলার বেণীঘাট রোরাং এলাকায়। কাঠমাণ্ডু থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে গজুরি নদীতে উল্টে যায় বাসটি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ধাদিং জেলার ট্রাফিক পুলিশ প্রধান শিশির থাপা। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে স্থানীয় পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপালি সেনা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজে যোগ দেয়। তবে গভীর রাত ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয়।
Advertisement
নেপাল হাইওয়ে রেসকিউ ম্যানেজমেন্ট কমিটির প্রধান রাজকুমার ঠাকুরির দাবি, এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সরকারি ভাবে এখনও নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
Advertisement
এদিকে, বাসটিতে কয়েক জন বিদেশি যাত্রীও ছিলেন বলে সূত্রের খবর। তাঁদের মধ্যে নিউ জিল্যান্ডের এক পুরুষ যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের দুই মহিলা রয়েছেন বলেও প্রাথমিক তথ্য মিলেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। তদন্ত শুরু হয়েছে।
Advertisement



