• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর আত্মীয়ের বিরুদ্ধে বিদেশি ২ মহিলাকে নির্যাতনের অভিযোগ 

পুলিশের দাবি, উচ্চপদস্থ এক রাজনৈতিক ব্যক্তির আত্মীয়ের নাম জড়িয়ে থাকায় মামলাটি অত্যন্ত সংবেদনশীল। তাই ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।  

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর আত্মীয়ের বিরুদ্ধে বিদেশি ২ মহিলাকে নির্যাতনের অভিযোগ 

Photo: Magnific

পাকিস্তানের লাহোরে দুজন বিদেশী মহিলাকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ, এই ঘটনার মূল অভিযুক্ত মুহাম্মদ রাজা দার দেশের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দারের আত্মীয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, গত ২৯ জুন লাহোরে নেদারল্যান্ডস ও ভেনেজুয়েলার ২ নাগরিককে অপহরণ করা হয়। অভিযোগ, পরে একটি বাড়িতে আটকে রেখে তাঁদের উপরে যৌন নির্যাতন চালানো হয়। শুধু তাই নয়, তাঁদের মুক্তির জন্য মুক্তিপণও দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

তদন্তে জানা গিয়েছে, দু’জন মহিলার ২০২৫ সালের অক্টোবরে একজনের সঙ্গে সিঙ্গাপুরে রাজা দারের পরিচয় হয়েছিল। পরে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত ব্যবসার সূত্রে তাঁদের যোগাযোগ বাড়ে। রাজা দারই ব্যবসায়িক ভিসার ব্যবস্থা করে তাঁদের পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে অভিযোগ। লাহোরে পৌঁছনোর পরই তাঁদের অপহরণ করা হয়।

এক নির্যাতিতার বাবা স্পেন থেকে পাকিস্তান পুলিশের সঙ্গে যোগাযোগ করলে অভিযান চালিয়ে দুজন মহিলাকে উদ্ধার করা হয়। এরপর অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তবে একজন এখনও পলাতক।

ধৃতদের লাহোরের একটি আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালতে ২ নির্যাতিতা প্রধান অভিযুক্ত হিসেবে রাজা দারকে শনাক্ত করেছেন বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, উচ্চপদস্থ এক রাজনৈতিক ব্যক্তির আত্মীয়ের নাম জড়িয়ে থাকায় মামলাটি অত্যন্ত সংবেদনশীল। তাই ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।