• facebook
  • twitter
Sunday, 19 April, 2026

ইউক্রেনের কিয়েভে এলোপাথাড়ি গুলিতে নিহত ৬ জন

অন্তত ১২ জন আহত হন, যাঁদের মধ্যে শিশুও রয়েছে

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধের আবহে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘটে গেল ভয়াবহ আততায়ীর হামলা। শহরের দক্ষিণাঞ্চল হলোসিভস্কি এলাকায় এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ জনবহুল রাস্তায় আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় এবং একাধিক মানুষ আহত হন।

এরপর হামলাকারী কাছাকাছি একটি সুপারমার্কেটে ঢুকে পড়ে এবং সেখানে উপস্থিত কয়েকজনকে পণবন্দি করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন ওই বন্দুকবাজ সুপারমার্কেটের ভেতরেও গুলি চালায়। এতে আরও দুই জনের মৃত্যু হয়। পুরো ঘটনায় মোট ছয় জনের প্রাণহানি ঘটে এবং অন্তত ১২ জন আহত হন, যাঁদের মধ্যে শিশুও রয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি এক যুবতীরও পরে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Advertisement

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছে যায়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো জানান, প্রথমে আলোচনার মাধ্যমে হামলাকারীকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হয়। কিন্তু সে তাতে সাড়া না দেওয়ায় পুলিশ অভিযান শুরু করে। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে ওই বন্দুকবাজের মৃত্যু হয় এবং পণবন্দিদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

Advertisement

প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, হামলাকারীর বাসস্থানে পরবর্তীতে আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, সেখানে বিস্ফোরক মজুত ছিল, যার কারণেই এই আগুন লাগতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে কী কারণে এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীর উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Advertisement