ইউক্রেনের চরনোমরস্ক বন্দরের কাছে কৃষ্ণসাগরে নোঙর করা একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এমনটাই দাবি করেছে ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এফএসইউআই)। সংগঠন জানিয়েছে, এমভি আমির ১ নামের জাহাজটিতে হামলার সময় মোট ১৫ জন নাবিক ছিলেন, যার মধ্যে ১৩ জনই ভারতীয়। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
এসএসইউআই জানিয়েছে, হামলার পর জাহাজের নাবিকেরা এখনও জাহাজের মধ্যেই আটকে রয়েছেন। অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন তাঁরা। সংগঠনের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে, ইউক্রেনের চরনোমরস্ক বন্দরের কাছে থাকা এমভি আমির ১-এ থাকা ভারতীয় নাবিকদের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
Urgent Appeal | M.V. AMIR1
M.V. AMIR1, currently at Ukrainian port Chornomorsk with 15 crew on board, including 13 Indian seafarers, is trapped in a terrible and life-threatening situation.
Repeated drone and missile attacks are being attempted in the immediate vicinity of the… pic.twitter.com/tIIwuC9Mdk— FSUI (@FSUIINDIA) July 28, 2026
সংগঠনের আরও দাবি, জাহাজটিকে একাধিকবার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকার এবং জাহাজের মালিকপক্ষের কাছে দ্রুত পদক্ষেপে এফএসইউআই। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতীয় নাবিকদের জীবন ঝুঁকির মুখে পড়েছে, তাই তাঁদের নিরাপদে সরিয়া আনার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে সংগঠনটি জানিয়েছে।
এফএসইউআই একটি ভিডিও প্রকাশ করেছে, তাতে জাহাজ থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আগুন জ্বলতে দেখা যাচ্ছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক বা সংশ্লিষ্ট জাহাজ সংস্থার তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেনের জলসীমায় পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা একাধিকবার সামনে এসেছে। কয়েক দিন আগেই এমভি ওমরফি নামের একটি জাহাজে ড্রোন হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর ভারত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে এবং বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে।




