• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

ফোলারিন বালোগানের লাল কার্ডের বিরুদ্ধে আবেদন করতে পারবে না যুক্তরাষ্ট্র, শেষ ষোলোর আগে বড় ধাক্কা, কেন এই নির্দেশ?

বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দিয়েছিলেন বালোগান

ফোলারিন বালোগানের লাল কার্ডের বিরুদ্ধে আবেদন করতে পারবে না যুক্তরাষ্ট্র, শেষ ষোলোর আগে বড় ধাক্কা, কেন এই নির্দেশ?

Photo: Representational Image

বিশ্বকাপে শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জাগোভিনার বিরুদ্ধে ২-০ জয়ের আনন্দের মধ্যেই বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে শেষ ষোলোর ম্যাচে পাওয়া যাবে না। আরও বড় বিষয় হল, তাঁর বিতর্কিত লাল কার্ডের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ নেই মার্কিন ফুটবল ফেডারেশনের।

বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দিয়েছিলেন বালোগান। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন মালিক টিলম্যান। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের এক খেলোয়াড়কে চ্যালেঞ্জ করতে গিয়ে রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। ঘটনাটি সঙ্গে সঙ্গেই বিতর্কের জন্ম দেয়। অনেকের মতে, এটি সর্বোচ্চ হলুদ কার্ডের মতো অপরাধ ছিল, সরাসরি লাল কার্ড দেওয়া কঠোর সিদ্ধান্ত।

তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) ঘটনার পর্যালোচনা করলেও মাঠের রেফারির সিদ্ধান্ত বহাল থাকে। আর এখানেই বিষয়টিতে ইতি টেনে দেন তাঁরা। ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, মাঠে রেফারির সিদ্ধান্ত যদি VAR পর্যালোচনার পরও বহাল থাকে, তাহলে কোনো দল এর বিরুদ্ধে আর আবেদন করতে পারে না। অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইলেও এই লাল কার্ড বাতিলের আবেদন জানাতে পারবে না।

এর ফলে বালোগানকে এক ম্যাচের নিষেধাজ্ঞা মানতেই হবে। তাই শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে যুক্তরাষ্ট্রকে। এই অনুপস্থিতি মার্কিন কোচ মরিসিও পোচেত্তিনোর কাছে যথেষ্ট দুশ্চিন্তার কারণ। টুর্নামেন্টে বালোগান আক্রমণভাগের অন্যতম ভরসা ছিলেন। গোল করার পাশাপাশি তাঁর গতি, প্রেসিং এবং প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের আক্রমণে বাড়তি মাত্রা যোগ করেছে।

এখন শেষ ষোলোর আগে আক্রমণভাগে নতুন সমন্বয় খুঁজে বের করাই হবে পোচেত্তিনোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ নকআউট পর্বে সামান্য ভুলও বিদায়ের কারণ হয়ে দাঁড়াতে পারে, আর এমন সময় দলের অন্যতম সেরা স্ট্রাইকারকে না পাওয়ায় সমস্যায় পড়তে পারে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে একই ম্যাচে গোলও করেছেন, আবার লাল কার্ডও দেখেছেন—এমন ফুটবলার বালোগানই প্রথম নন, এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০০৬ বিশ্বকাপ ফাইনালে জিনেদিন জিদান, ২০০২ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল রোনাল্ডিনহো এবং ১৯৬২-র বিশ্বকাপ সেমিফাইনালে গ্যারিঞ্চার ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল।