বিশ্বকাপের মঞ্চে খেলা দলের বিরুদ্ধে একের পর এক পরীক্ষা ভারতের। সেই কঠিন দৌড়ের প্রথম ধাপেই আজ সামনে পানামা।
আজ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামছে ভারত। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দুই দেশের সিনিয়র দলের এটাই প্রথম মুখোমুখি লড়াই।
পানামা শুধু নামেই কঠিন প্রতিপক্ষ নয়। ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলা দলটি বর্তমানে ফিফা ক্রমতালিকায় ৪৪ নম্বরে। ভারতের র্যাঙ্কিং ১৩৮। অর্থাৎ দুই দলের মধ্যে র্যাঙ্কিংয়ের ব্যবধান ৯৪ ধাপ। ফলে বেঙ্গালুরুর ম্যাচটি ভারতীয় ফুটবলারদের পক্ষে বেশ কঠিন পরীক্ষা।
ভারতের সামনে অবশ্য শুধু পানামাই নয়। এই ম্যাচের পর কলকাতায় পরপর ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত। অর্থাৎ বিশ্বকাপ খেলা তিন দলের বিরুদ্ধে টানা তিনটি ম্যাচ—ভারতীয় ফুটবলে এমন আন্তর্জাতিক সূচি সাম্প্রতিক সময়ে বিরল।
পানামার বিরুদ্ধে ম্যাচটি আবার ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। ২০২৩-এর সাফ চ্যাম্পিয়নশিপে এই কান্তিরাভাতেই দারুণ স্মৃতি তৈরি করেছিল ভারত। সেই মাঠেই এ বার খালিদ জামিলের দলের সামনে সম্পূর্ণ ভিন্ন মানের প্রতিপক্ষ। গত ১৪টি ম্যাচে CONCACAF অঞ্চলের দলের বিরুদ্ধে ভারতের জয় মাত্র দু’টি, ড্র দু’টি এবং হার ১০টি। পানামার বিরুদ্ধে সেই পরিসংখ্যান বদলানোর সুযোগও রয়েছে।
কখন, কোথায় দেখবেন ভারত-পানামা ম্যাচ?
ভারত-পানামা ম্যাচ সরাসরি দেখা যাবে Sony Sports Network-এ। বাংলায় ধারাবিবরণী সম্প্রচার হবে সোনি আট-এ। অনলাইনে ম্যাচ দেখা যাবে Sony LIV অ্যাপে। ম্যাচের কিক-অফ ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০-এ।
ভারতের ২৬ জনের দলে রয়েছেন গুরপ্রীত সিংহ সান্ধু, প্রভসুখন সিংগিল, অনোয়ার আলি, আকাশ মিশ্র, সাহাল আবদুল সামাদ, মনবীর সিং, রায়ান উইলিয়ামস, অনিরুদ্ধ থাপা-সহ একাধিক অভিজ্ঞ ফুটবলার। প্রায় দু’বছর পর জাতীয় দলে ফিরেছেন থাপা। পাশাপাশি ম্যাকার্টন নিকসন ও মহম্মদ সানানের মতো তরুণদেরও নজরে রাখবেন কোচ খালিদ।




