শেষ কয়েক মাস ধরে তাঁকে ঘিরে চলছিল জোর জল্পনা। ইউরোপের একাধিক বড় ক্লাবের তাঁকে নিয়ে আগ্রহের খবরও সামনে এসেছিল। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের সঙ্গে ২০৩২-এর জুন পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্টরা।
রিয়ালের তরফে জানানো হয়েছে, নতুন চুক্তির ফলে আগামী ছ’বছরও সান্তিয়াগো বের্নাবেউতেই খেলবেন ২৬ বছরের এই ফুটবলার। এর আগে তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৭ পর্যন্ত। দীর্ঘদিন ধরে চুক্তি নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত দু’পক্ষ সমঝোতায় পৌঁছেছে।
২০১৮-য় ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ভিনিসিয়াস। প্রথম দিকে ওঠানামা থাকলেও সময়ের সঙ্গে নিজেকে দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি। এখন পর্যন্ত রিয়ালের হয়ে ৩৭৫টির বেশি ম্যাচ খেলে ১২৮টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে ১০০টি গোল করিয়েছেন। ক্লাবের হয়ে জিতেছেন ১৪টি ট্রফি, যার মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং তিনটি লা লিগা খেতাব।
চুক্তি নবীকরণের মাধ্যমে রিয়ালের স্পষ্ট বার্তা, আগামী দিনের দল গঠনে ভিনিসিয়াসই অন্যতম প্রধান মুখ। গত মরসুমে ট্রফিহীন থাকার পর নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দল সাজাচ্ছে মাদ্রিদের ক্লাব। সেই পরিকল্পনায় ব্রাজিলীয় উইঙ্গারকে দীর্ঘমেয়াদে ধরে রাখাই ছিল ক্লাবের অন্যতম লক্ষ্য।
নতুন চুক্তির ফলে ভিনিসিয়াসকে ঘিরে দলবদলের জল্পনাও আপাতত শেষ। ইউরোপের বিভিন্ন ক্লাবের আগ্রহ থাকলেও রিয়ালেই নিজের ভবিষ্যৎ দেখতে চাইছেন ব্রাজিলীয় তারকা। ক্লাবও তাঁকে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে সেই আস্থারই প্রতিদান দিল।




