• facebook
  • twitter
  • youtube
Friday, 28 August, 2026

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা! ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলার পথে উয়েফা!

এই ঘটনায় ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। মাত্র কয়েক মাস আগেও ২০২৭ সালের ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর পুনর্নির্বাচন

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা! ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলার পথে উয়েফা!

Gianni Infantino Photo-SNS

জিয়ান্নি ইনফান্তিনোর উপর চাপ আরও বাড়ল। ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে উয়েফা। অভিযোগ, বিশ্বকাপ থেকে ফিফার ভবিষ্যৎ আয় বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার যে পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো, তাতে আর্থিক তছরুপ হয়ে থাকতে পারে। সেই প্রস্তাব শেষ পর্যন্ত প্রবল বিরোধিতার মুখে বাতিল হলেও বিতর্ক থামেনি। বরং এ বার আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা।

গত জুলাইয়ের শেষ দিকে ইনফান্তিনোর পরিকল্পনাটি প্রকাশ্যে আসে। ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন সংস্থা তৈরি করে ফিফার বড় প্রতিযোগিতাগুলির বাণিজ্যিক স্বত্ব সেখানে স্থানান্তরের পরিকল্পনা ছিল। তার পরে ওই সংস্থার ২০ শতাংশের মতো অংশীদারি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রায় ৪.২ বিলিয়ন ডলারে বিক্রি করার প্রস্তাব আসে। মার্কিন বিনিয়োগ সংস্থা থ্রাইভ ক্যাপিটাল ম্যানেজমেন্ট, যার প্রতিষ্ঠাতা জশ কুশনার, সেই প্রকল্পের অন্যতম প্রধান বিনিয়োগকারী হওয়ার কথা ছিল।

কিন্তু শুরু থেকেই সেই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে উয়েফা। ইউরোপের ফুটবল কর্তাদের আপত্তির মুখে শেষ পর্যন্ত ১ অগস্ট পরিকল্পনাটি বাতিল করে দেন ইনফান্তিনো। তাতেও অবশ্য ক্ষোভ কমেনি। উয়েফার দাবি, এই পরিকল্পনায় ফিফার বাণিজ্যিক সম্পদের প্রকৃত মূল্য যথাযথ ভাবে যাচাই করা হয়নি। এমনকী প্রায় ২০ বিলিয়ন ডলারের মূল্যায়নকে ‘অস্বাভাবিক ভাবে কম’ বলেও অভিযোগ করেছে তারা।

মার্কিন আদালতে জমা দেওয়া নথিতে উয়েফার আইনজীবীরা লিখেছেন, ‘উয়েফা এবং তার আইনজীবীরা ইনফান্তিনো এবং সম্ভবত ফিফার আরও কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে সুইস ফৌজদারি কার্যবিধির ১৫৮ নম্বর ধারায় ‘ফৌজদারি অব্যবস্থাপনা’র অভিযোগে মামলা করার কথা বিবেচনা করছে’।

সেখানেই থামেনি অভিযোগ। উয়েফার আইনজীবীদের দাবি, ৪.২ বিলিয়ন ডলারের দামটি ‘প্রতারণামূলক ভাবে বাজারদরের তুলনায় কম’ হতে পারে এবং তা ইনফান্তিনোর ব্যক্তিগত স্বার্থে নির্ধারিত হয়ে থাকতে পারে।

উয়েফার আরও অভিযোগ, ইনফান্তিনো বলেছিলেন, এই পরিকল্পনার মাধ্যমে ‘ফিফার বাণিজ্যিক সম্ভাবনা এবং সুযোগকে কাজে লাগানো যাবে’। কিন্তু উয়েফার বক্তব্য, বাস্তবে এটি ইনফান্তিনো এবং তাঁর ঘনিষ্ঠ একটি ছোট গোষ্ঠীর জন্য ফিফার সবচেয়ে মূল্যবান সম্পদে দীর্ঘমেয়াদি আর্থিক অংশীদারি তৈরি করার রাস্তা হতে পারত। এতে ফিফা, তার সদস্য দেশ এবং ফুটবল পরিবারের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।

এই ঘটনায় ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। মাত্র কয়েক মাস আগেও ২০২৭ সালের ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর পুনর্নির্বাচন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল। কিন্তু বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা ঘিরে বিতর্কের পর ইউরোপের একাধিক ফুটবল সংস্থা তাঁর বিরুদ্ধে সরব হয়েছে। উয়েফার সভাপতি আলেকজ়ান্ডার সেফেরিনও তাঁকে পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন।

অন্য দিকে, ফিফা এবং থ্রাইভ ক্যাপিটাল এখনও এই অভিযোগ নিয়ে কোনও বিস্তারিত মন্তব্য করেনি। ফলে এখন নজর সুইজ়ারল্যান্ডের দিকে—উয়েফা শেষ পর্যন্ত সত্যিই ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করে কি না, সেটাই দেখার। তবে একটা বিষয় পরিষ্কার, ফিফা বনাম উয়েফার সংঘাত এ বার আর শুধু ফুটবল প্রশাসনের অন্দরে নেই—তা আদালতের দরজায় পৌঁছে গিয়েছে।