• facebook
  • twitter
  • youtube
Tuesday, 14 July, 2026

অপেক্ষার অবসান, জর্ডনকে হারিয়ে বিশ্বকাপে ফিরল অস্ট্রিয়া

বুধবার জর্ডনকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইউরোপের এই দলটি

অপেক্ষার অবসান, জর্ডনকে হারিয়ে বিশ্বকাপে ফিরল অস্ট্রিয়া

২৮ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন ঘটালো অস্ট্রিয়া। আর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর প্রথম জয়ের স্বাদ পেল তারা। বুধবার জর্ডনকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইউরোপের এই দলটি। ১৯৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারানোর পর ফের বিশ্বকাপের মঞ্চে ম্যাচ জিতল অস্ট্রিয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রালফ রাংনিকের দল। তার ফলও মেলে। ২০ মিনিটে রোমানো স্কিমিডের গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়লেও লড়াই ছাড়েনি বিশ্বকাপে নবাগত জর্ডন। দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতি আক্রমণ থেকে গোল করে সমতা ফেরান আলি ওলওয়ান। কিন্তু, ম্যাচে নাটকের তখনও বাকি ছিল।

পরিবর্ত ফুটবলার মার্কো আরনাউটোভিচ গোল করলেও ভার পরীক্ষা করে তা বাতিল করেন রেফারি। ম্যাচ ১-১ হয়ে গেলেও আক্রমণের চাপ বজায় রাখে অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধে জলপানের বিরতির পর আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় তারা। ৭৬ মিনিটে জর্ডনের ডিফেন্ডার ইয়াজান আল আরব বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন।

শেষদিকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় জর্ডন। কিন্তু, লাভ হয়নি। বরং, সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়ার জয় নিশ্চিত করেন আরনাউটোভিচ। প্রথম ম্যাচে জয় পেলেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য। কারণ, বিশ্বকাপের পরবর্তী ম্যাচে টেক্সাসে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। অন্যদিকে, অপর ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে নামবে জর্ডন।