• facebook
  • twitter
  • youtube
Wednesday, 14 October, 2026

আজ সিরিজ জয়? সতর্কবার্তা তিলকের, বোলারদের কড়া বার্তা গম্ভীরের

টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের শক্তি তাদের বিধ্বংসী ব্যাটিং। দলের প্রথম সারির ব্যাটারদের পাশাপাশি লোয়ার অর্ডারও বড় শট খেলতে পারে। এই জায়গাটিই ভারতীয় বোলারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তিলক

আজ সিরিজ জয়? সতর্কবার্তা তিলকের, বোলারদের কড়া বার্তা গম্ভীরের

Photo: Representational Image

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (T20 series) রীতিমত জমে উঠেছে। প্রথম ম্যাচে আট উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ২৫০ রানের লক্ষ্য তাড়া করে ছয় উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে ১৪ রানে জিতে আবার এগিয়ে গিয়েছে ভারত। সিরিজের ফল এখন ২-১। আজ, বুধবার হায়দরাবাদে চতুর্থ ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। কিন্তু কাজটা যে সহজ হবে না, তা মনে করিয়ে দিয়েছেন তিলক বর্মা।

‘ওদের ১১ নম্বর ব্যাটারও ছক্কা মারতে পারে’

টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের শক্তি তাদের বিধ্বংসী ব্যাটিং। দলের প্রথম সারির ব্যাটারদের পাশাপাশি লোয়ার অর্ডারও বড় শট খেলতে পারে। এই জায়গাটিই ভারতীয় বোলারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তিলক।

তাঁর কথায়, ‘ওয়েস্ট ইন্ডিজ খুব ভাল দল, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। ওরা প্রচুর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। ফলে এই ফরম্যাটটা ওরা খুব ভাল বোঝে। ওদের ব্যাটিংয়ের শক্তি অবিশ্বাস্য’।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের ঘরের মাঠে ব্রুজের ৪ গোল, ধাক্কা খেল বায়ার্ন, ম্যান ইউনাইটেড-ও

এর পরেই সতীর্থদের সতর্ক করে ভারতীয় সহ-অধিনায়ক বলেন, ‘শুধু ওপেনার বা তিন-চার নম্বরে ব্যাট করা ক্রিকেটারেরাই বড় শট খেলতে পারে, এমন নয়। ওদের প্রত্যেক ব্যাটারই বলকে বাউন্ডারির বাইরে পাঠাতে পারে। এমনকি ১১ নম্বর ব্যাটারও এসে বড় শট মারতে পারে। তাই প্রতিপক্ষের ১০টি উইকেট না পড়া পর্যন্ত ম্যাচ শেষ হয়ে গিয়েছে বলে ভাবার কোনও সুযোগ নেই। আমাদের আত্মতুষ্ট হলে চলবে না।’

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত প্রথমে বড় রান তুলেছিল। কিন্তু সেই রানও বাঁচাতে পারেনি বোলারেরা। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ ৪৫ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন। সেই ম্যাচে ভারতীয় বোলিংয়ের দুর্বলতা স্পষ্ট হয়ে গিয়েছিল।

বোলারদের কী বার্তা গম্ভীরের?

দ্বিতীয় ম্যাচের পর ভারতীয় বোলারদের পরিকল্পনা নিয়ে পর্যালোচনা হয়েছে। তিলক জানিয়েছেন, শুধু রান আটকানোর চেষ্টা করতে গিয়ে ভারতীয় বোলারেরা অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়েছিলেন। সেই মানসিকতা বদলানোর পরামর্শ দিয়েছেন কোচ গম্ভীর।

তিলক বলেন, ‘দ্বিতীয় ম্যাচে শুরুতে আমরা উইকেট নেওয়ার চেষ্টা করিনি। ওরা যখন রান করছিল, তখন আমরা কিছুটা রক্ষণাত্মক হয়ে গিয়েছিলাম। তার পর দল হিসাবে আমরা আলোচনা করেছি। গৌতম স্যরও বলেছেন, আমাদের উইকেট নেওয়ার দিকে মন দিতে হবে এবং আক্রমণাত্মক মানসিকতা দেখাতে হবে।’

অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের রান করার সুযোগ কমানোর পাশাপাশি তাঁদের উইকেট তুলে নেওয়ার জন্য ঝুঁকি নিতে হবে ভারতীয় বোলারদের। শুধু বাউন্ডারি আটকানো বা রান রোখার কৌশল নিয়ে মাঠে নামলে বিপদ বাড়তে পারে।

আরও পড়ুন: দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা হল না লাল-হলুদের, এগিয়ে গিয়েও শেষে ২-৩-এ হার, এসিএল ২ থেকে কার্যত বিদায়

সিরিজ জয়ের সামনে ভারত

চতুর্থ ম্যাচে ভারত জিতলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করবে। অন্য দিকে, ওয়েস্ট ইন্ডিজ জিতলে সিরিজের ফল হবে ২-২। ফলে শেষ ম্যাচ হয়ে উঠবে নির্ণায়ক।

ইন্দোরে তৃতীয় ম্যাচে জিতে ভারত এগিয়ে গেলেও বোলিংয়ের সমস্যা পুরোপুরি মিটেছে, এমন দাবি করার জায়গা নেই। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের গভীরতা এবং বড় শট খেলার ক্ষমতা ভারতীয় বোলারদের জন্য বড় পরীক্ষা।

তিলকের বার্তা স্পষ্ট—শুধু রান আটকালে হবে না, উইকেট তুলতে হবে। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ব্যাটার আউট না হওয়া পর্যন্ত স্বস্তিতে থাকার কোনও জায়গা নেই।

দেখুন: