• facebook
  • twitter
  • youtube
Saturday, 29 August, 2026

ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারবেন না বলে আফসোস হচ্ছে সুনীল ছেত্রীর, বললেন, ‘খুব হিংসে হচ্ছে’

ভারতীয় ফুটবলের মুখ তিনি। দু’দশকেরও বেশি সময় ধরে দেশের জার্সিতে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন, গোল করেছেন। কিন্তু যে

ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারবেন না বলে আফসোস হচ্ছে সুনীল ছেত্রীর, বললেন, ‘খুব হিংসে হচ্ছে’

PIC-X

ভারতীয় ফুটবলের মুখ তিনি। দু’দশকেরও বেশি সময় ধরে দেশের জার্সিতে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন, গোল করেছেন। কিন্তু যে সুযোগ তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে আসেনি, সেটাই এখন পেতে চলেছে ভারতের বর্তমান প্রজন্ম। ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্বমানের দলের বিরুদ্ধে খেলার সুযোগ সামনে। আর তা দেখেই সুনীল ছেত্রীর ‘খুব হিংসে হচ্ছে!’

ভারতীয় ফুটবলের অন্যতম সেরা তারকা এখন দর্শকের ভূমিকায়। সেপ্টম্বর-অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিল, উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে যে ম্যাচগুলি খেলবে ভারত- তা নিয়ে উচ্ছ্বসিত সুনীল। তবে সেই সঙ্গে আক্ষেপও রয়েছে।

কী আক্ষেপ? তিনি বলেন, ‘দর্শক হিসাবে আমার একটু হিংসেই হচ্ছে। পেশাদার ফুটবলার হিসাবে ২৪-২৬ বছর এবং জাতীয় দলের হয়ে প্রায় ২০ বছর খেলেছি। কিন্তু আমার সময়ে এমন সুযোগ কখনও পাইনি’।

বর্তমান ভারতীয় দলের সামনে যে এমন বড় মঞ্চ আসতে চলেছে, তা নিয়ে সুনীলের প্রত্যাশাও কম নয়। তাঁর মতে, এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে তরুণ ফুটবলারদের। একই সঙ্গে সকলের ফিট থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিল, উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে খেলতে নামার আগে নিজেদের সেরাটা দেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামার পরামর্শ দিয়েছেন তিনি।

বলেন, ‘ভারতীয় ফুটবলারদের সামনে ব্রাজিল এবং উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ আসছে। আশা করি, ছেলেরা ফিট থাকবে, দৃঢ় মানসিকতা নিয়ে লড়াই করবে এবং এই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করবে’।

দল নির্বাচন নিয়েও সুনীল কোচের সিদ্ধান্তের উপর সম্পূর্ণ আস্থা রাখার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন আমি শুধু একজন সমর্থক। অন্য সবার মতোই বাইরে থেকে খেলা দেখি’। একই সঙ্গে তিনি জানান, দলের কী প্রয়োজন, সেটা কোচ ভাল ভাবেই বোঝেন। তাই দলের স্বার্থে কোচিং স্টাফ যে সিদ্ধান্তই নিক, তাতে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।

তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়। সেখানেও নিজের চেনা রসিকতা দিয়ে উত্তর দিয়েছেন সুনীল। হাসতে হাসতে বলেছেন, ‘আমি মিনিট কুড়ির বেশি অনুশীলন করতে পারি না। এখন আমার বয়স প্রায় ৪২। ঠিক করে দৌড়তেই পারি না, রীতিমতো সমস্যায় পড়ছি’।

তবে মাঠের বাইরে চলে গেলেও বর্তমান প্রজন্মের উপর বিশ্বাস একটুও কমেনি সুনীলের। বরং তাঁর মতে, এ বার সময় তরুণদের। তাঁদের সামনে যে সুযোগ এসেছে, সেটাকে কাজে লাগাতে হবে।

সুনীল বলেন, ‘এটা ওদের সময়। দলে এত প্রতিভাবান তরুণ ফুটবলার রয়েছে। প্রত্যেকেই সুযোগ পায়। ২০ বছর আগে আমি যেমন সুযোগ পেয়েছিলাম, এ বার ওদেরও সেই সুযোগ এসেছে। নিজেদের প্রমাণ করতে হবে’।

জাতীয় দলের ড্রেসিং রুম থেকে অনেক দূরে থাকলেও ভারতের খেলা নিয়ে আগ্রহ যে বিন্দুমাত্র কমেনি, সুনীলের কথাতেই তা স্পষ্ট। ব্রাজিল, উরুগুয়ের মতো বড় দলের বিরুদ্ধে খেলার মঞ্চে ভারতের তরুণেরা কতটা নিজেদের মেলে ধরতে পারেন, এখন সেই অপেক্ষাতেই দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।