• facebook
  • twitter
Friday, 20 March, 2026

পাথিরানাকে আইপিএলে খেলার অনুমতি দিতে রাজি নয় শ্রীলঙ্কা

আসন্ন আইপিএলে কি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ?

আসন্ন আইপিএলে কি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ? বিষয়টি নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে। চোট কাটিয়ে আপাতত তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেও জাতীয় দলের এই পেসারকে কেকেআর শিবিরে যোগ দেওয়ার অনুমতি দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, বোর্ডের অনুমতি না মেলায় প্রতিদিন বিমানের টিকিট বুক করেও তা বাতিল করে দিতে হচ্ছে পাথিরানাকে।

এবারের নিলামে পাথিরানাকে ১৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। শ্রীলঙ্কার তরুণ এই পেসার ম্যাচের ডেথ ওভারে বিধ্বংসী বোলিংয়ের জন্য বিশেষ পরিচিত। দায়িত্ব নিয়ে একাই ম্যাচের রং বদলেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁকে দলে নেওয়ায় কেকেআরের শক্তি যে কিছুটা হলেও বেড়েছিল, তা বলাই বাহুল্য। যদিও, বিশ্বকাপের ম্যাচে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ওভার বল করার পরেই উঠে যেতে হয় তাঁকে। তারপর আর বাকি বিশ্বকাপে আর খেলতে পারেননি।

Advertisement

তবে, আপাতত চোট সারিয়ে উঠে বর্তমানে অনেকটাই ফিট পাথিরানা। যদিও, দেশের অন্যতম সেরা পেসারকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় শ্রীলঙ্কা ক্রিকেটবোর্ড। তাই, আসন্ন আইপিএলে খেলার জন্য পাথিরানাকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। এই অবস্থায় শ্রীলঙ্কান এই তারকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে নাইট ম্যানেজমেন্ট। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কেকেআরের এক কর্তা।

Advertisement

জানিয়েছেন, কবে পাথিরানা শিবিরে যোগ দেবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি। কারণ, রোজই তাঁর জন্য টিকিট বুক করেও তা আবার বাতিল করে দিতে হচ্ছে। এরই মাঝে পাথিরানার ম্যানেজার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কেকেআর জার্সি পরে প্রস্তুতিতে মগ্ন তিনি। তা স্বতেও তাঁকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড না ছাড়ায় বিতর্ক তৈরি হয়েছে।

এই প্রসঙ্গে বলা যায়, বুধবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে কেকেআর। যদিও, দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার পাথিরানা কবে দলের সঙ্গে যদি দেবে, বা আদৌ এবারের আইপিএলে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় কিন্তু থাকছেই।

Advertisement