• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স, টিম ইন্ডিয়ায় ডাক পাবেন বৈভবও

সূর্যকুমার যাদবের পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব পেতে চলেছেন শ্রেয়স আয়ার

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয় টি-২০ দলের নেতৃত্বে বড় পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা। সূর্যকুমার যাদবের পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব পেতে চলেছেন শ্রেয়স আয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর পাওয়া গিয়েছে, শনিবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল নির্বাচনের সময়ই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড টি-২০ দলের নেতৃত্বে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকতা হারিয়েছেন সূর্যকুমার। অন্যদিকে, আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব ও ব্যাটিং— দুদিক থেকেই নিজেকে প্রমাণ করেছেন শ্রেয়স আয়ার। সেই কারণেই নির্বাচকদের প্রথম পছন্দ হয়ে উঠেছেন তিনি।

শুধু অধিনায়কত্বই নয়, ভারতীয় ক্রিকেটে আরেকটি বড় সিদ্ধান্তও নেওয়া হতে পারে। মাত্র ১৫ বছর বয়সী বিস্ময়কিশোর বৈভব সূর্যবংশী জাতীয় দলের ডাক পেতে পারেন বলে জানা গিয়েছে। সদ্যসমাপ্ত আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স করে তিনি ইতিমধ্যেই নির্বাচকদের নজর কেড়েছেন।

সূত্রের খবর, আসন্ন আয়ারল্যান্ড সফর, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ এবং এশিয়ান গেমসকে সামনে রেখে ভারতীয় দলের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে চাইছে বোর্ড। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নেতৃত্বে পরিবর্তনের ভাবনা সামনে এসেছে।

যদিও বোর্ডের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু ক্রিকেট মহলের ধারণা, শ্রেয়স আয়ারের নেতৃত্বে ভারতীয় টি-২০ দল নতুন যুগে প্রবেশ করতে চলেছে। আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচকদের বৈঠকের পর বিষয়টি স্পষ্ট হয়ে যেতে পারে।