চলতি আইপিএলে ব্যাট হাতে রীতিমতো তান্ডব চালিয়েছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজির ব্যাটসম্যানরা। ফলে, একাধিক ম্যাচে দুশো’র বেশি রান ওঠার পাশাপাশি রান তাড়া করতে নেমে অনায়াসে তা চেজও করে দিয়েছে দলগুলি। এই পরিস্থিতিতে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য ফেরাতে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।
এদিন ক্রিকেট বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিয়ে সচিন বলেন, প্রথমেই আইপিএল থেকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম তুলে দেওয়া উচিত। তাঁর মতে, মাত্র ২০ ওভারের খেলায় অতিরিক্ত ব্যাটসম্যান নামানোর সুযোগ বোলারদের আরও চাপে ফেলার পাশাপাশি খেলার ভারসাম্য নষ্ট করে।
Advertisement
দ্বিতীয় প্রস্তাব হিসেবে সচিন জানান, একজন বোলারকে পাঁচ ওভার বল করার অনুমতি দেওয়া উচিত। এক্ষেত্রে তাঁর বক্তব্য, সেরা ব্যাটসম্যানরা যেমন পুরো ইনিংস খেলতে পারেন তেমনই সেরা বোলারদেরও অতিরিক্ত একটি ওভার করার সুযোগ দেওয়া দরকার।
Advertisement
তৃতীয় প্রস্তাবে তিনি পাওয়ার প্লে-র নিয়মে পরিবর্তনের কথা বলেন। সচিনের মতে, প্রথম চার ওভারে নির্ধারিত ফিল্ডিং বিধিনিষেধ বজায় থাকলেও পরের দুই ওভারে ফিল্ড সাজানোর ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া উচিত বোলিং দলের অধিনায়ককে। পাশাপাশি ম্যাচের যে কোনও সময়ে অতিরিক্ত একজন ফিল্ডার বাউন্ডারির বাইরে রাখার সুযোগ দেওয়ার পক্ষেও মত দিয়েছেন তিনি।
একইসঙ্গে, ১৫ বছর বয়সি প্রতিভাবান ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীরও বেশ প্রশংসা করেন সচিন। তাঁকে ‘বিশেষ প্রতিভা’ আখ্যা দিয়ে প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটার বলেন, বৈভবের শট নির্বাচন, কব্জির ব্যবহার এবং দ্রুত বলের লাইন-লেংথ বুঝে নেওয়ার ক্ষমতা নিঃসন্দেহে অসাধারণ। পাশাপাশি, তরুণ এই ক্রিকেটারকে নিজের স্বাভাবিক খেলাটা চালিয়ে যাওয়ার পরামর্শও দেন সচিন তেন্ডুলকার।
Advertisement



