• facebook
  • twitter
  • youtube
Wednesday, 23 September, 2026

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেই রাচিন, চোট সারিয়ে দলে ফিরছেন মিলনে-ব্রেসওয়েল

রাচিনকে ছাড়াই তাই ভারতের বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড। তবে মিলনে-ব্রেসওয়েলের প্রত্যাবর্তনে স্যান্টনারের দলে অভিজ্ঞতা ও বৈচিত্র্য দুই-ই বাড়ল

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেই রাচিন, চোট সারিয়ে দলে ফিরছেন মিলনে-ব্রেসওয়েল

𝗙𝗶𝗻𝗻 𝗔𝗹𝗹𝗲𝗻 & 𝗧𝗶𝗺 𝗦𝗲𝗶𝗳𝗲𝗿𝘁 Photo-SNS

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। ডান কাঁধের চোটের কারণে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না রাচিন রবীন্দ্র। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ডান কাঁধের হাড় সরে যাওয়ার পর প্রায় ছ’সপ্তাহের রিহ্যাবে থাকতে হবে তাঁকে। নিউজিল্যান্ডের আশা, ৪ নভেম্বর থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে ফের মাঠে নামতে পারবেন রাচিন।

রাচিনকে না পেলেও ভারত সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার অ্যাডাম মিলনে এবং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। তবে গোড়ালির চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় বেন সিয়ার্সকে দলে রাখা হয়নি।

নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার রাচিনের চোটে হতাশ। তিনি বলেছেন, ‘রাচিনের জন্য আমরা খুবই হতাশ। এই গ্রীষ্মে ও আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই ওর পুনর্বাসন নিয়ে কোনও তাড়াহুড়ো করা উচিত নয়। তবে আমরা আশাবাদী, ওয়ান ডে সিরিজে ও ফিরে আসতে পারবে’।

রাচিনের চোটটি বেশ অদ্ভুত ভাবেই এসেছে। ১৬ সেপ্টেম্বর অকল্যান্ডে একটি প্রচারমূলক শুটিংয়ের সময় ডান কাঁধে চোট পান তিনি। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় বড় কোনও কাঠামোগত ক্ষতি ধরা পড়েনি। কিন্তু পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। প্রায় ছ’সপ্তাহের পুনর্বাসনের পরই মাঠে ফেরার কথা তাঁর।

অন্য দিকে, দীর্ঘ সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন অ্যাডাম মিলনে। শেষ বার ২০২৫-এর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এক বছরেরও বেশি সময় পর ফের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে। মিলনে যোগ দেওয়ায় নিউজিল্যান্ডের পেস আক্রমণও বেশ শক্তিশালী হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস এবং নাথান স্মিথ।

ফিরেছেন মাইকেল ব্রেসওয়েলও। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স হওয়া নিউজিল্যান্ড দলের ১৩ জন ক্রিকেটারকে এই সিরিজে রাখা হয়েছে। চোটের কারণে বিশ্বকাপে খেলতে না-পারা ব্রেসওয়েল এবং মিলনে তাঁদের মধ্যে অন্যতম, যাঁরা এ বার ফিরে এসেছেন।

ভারতের নিউজিল্যান্ড সফর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ২২ অক্টোবর ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচও ক্রাইস্টচার্চে ২৪ অক্টোবর। তৃতীয় টি-টোয়েন্টি ২৭ অক্টোবর ওয়েলিংটনে, চতুর্থটি ৩০ অক্টোবর অকল্যান্ডে এবং পঞ্চম তথা শেষ ম্যাচ ১ নভেম্বর হ্যামিল্টনে।

ভারতকে ঘরের মাঠে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছেন ওয়াল্টার। তাঁর কথায়, ‘ভারতকে আমাদের দেশে স্বাগত জানানো এবং গ্রীষ্মের মরসুম শুরু করা দারুণ ব্যাপার হবে। ভারত খুবই ভাল দল এবং কঠিন প্রতিপক্ষ। নিজেদের পরিবেশে, কিউই সমর্থকদের সামনে ওদের বিরুদ্ধে খেলতে আমরা খুবই উত্তেজিত’।

এর পরেই যোগ করেছেন তিনি, ‘আমরা শুনেছি বেশির ভাগ ম্যাচেই গ্যালারি প্রায় ভর্তি থাকবে। ফলে দারুণ কিছু ম্যাচের পরিবেশ তৈরি হবে। আমাদের দলে প্রায় পূর্ণ শক্তির ক্রিকেটার রয়েছে, যারা সব দিক সামলাতে পারে। বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে আমরা কেমন খেলি, তা দেখার জন্য আমি মুখিয়ে আছি’।

রাচিনকে ছাড়াই তাই ভারতের বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড। তবে মিলনে-ব্রেসওয়েলের প্রত্যাবর্তনে স্যান্টনারের দলে অভিজ্ঞতা ও বৈচিত্র্য দুই-ই বাড়ল।

নিউজিল্যান্ডের দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, নাথান স্মিথ।