• facebook
  • twitter
  • youtube
Tuesday, 13 October, 2026

ফের চোট, নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ম্যাচে নেই ঋষভ পন্থ

চোটের কারণে প্রথম দু’টি ম্যাচ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে দলে জায়গা পেলেন তরুণ উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র, জানিয়েছে বিসিসিআই

ফের চোট, নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ম্যাচে নেই ঋষভ পন্থ

Image: IANS

নিউজিল্যান্ড সফরের আগে ধাক্কা খেল ভারতীয় ‘এ’ দল। চোটের কারণে প্রথম দু’টি ম্যাচ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর পরিবর্তে দলে জায়গা পেলেন তরুণ উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র, জানিয়েছে বিসিসিআই (BCCI)।

ইরানি কাপের ফাইনালে অবশিষ্ট ভারতের অধিনায়কত্ব করার সময় পেশিতে চোট পেয়েছিলেন পন্থ। সেই চোটের কারণেই নিউজিল্যান্ড সফরে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত প্রথম দু’টি ম্যাচে তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি।

পন্থের চোটের অবস্থা কেমন?

বিসিসিআই (BCCI) জানিয়েছে, পন্থ এখনও বোর্ডের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘পন্থ বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তৃতীয় ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন: রিয়াধে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে এক ঘণ্টা পিছোল আল নাসেরের ম্যাচ! গোলও করলেন রোনাল্ডো

নিউজিল্যান্ডের পরিবেশে লাল বলের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই সফর ভারতীয় ক্রিকেটারদের কাছে গুরুত্বপূর্ণ। তাই পন্থের (Rishabh Pant) চোট শুধু ভারতীয় ‘এ’ দলের জন্যই নয়, তাঁর ব্যক্তিগত প্রস্তুতির ক্ষেত্রেও ধাক্কা।

সুবর্ণ সুযোগ কুশাগ্রর

পন্থের (Rishabh Pant) পরিবর্ত হিসাবে দলে ঢুকে পড়লেন কুমার কুশাগ্র। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন ঝাড়খণ্ডের এই তরুণ ক্রিকেটার। সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন তিনি। দলীপ ট্রফির ফাইনালে সেঞ্চুরি করার পরে ভারতীয় ‘এ’ দলের হয়েও অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে চার দিনের ম্যাচে শতরান করেছিলেন কুশাগ্র। সেই পারফরম্যান্সই তাঁকে নির্বাচকদের নজরে রেখেছে। নিউজিল্যান্ড সফরে সুযোগ পেয়ে এ বার নিজেকে আরও এক বার প্রমাণ করার সামনে তিনি।

পন্থ (Rishabh Pant) বাদ যাওয়ার পর আপাতত যা দাঁড়াল, তাতে নিউজিল্যান্ড সফরে ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন ধ্রুব জুরেল। দলের ব্যাটিং বিভাগে রয়েছেন যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, সাই সুদর্শন এবং রাভিচন্দ্রন স্মরণ। অলরাউন্ডার হিসাবে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। বোলিং বিভাগে রয়েছেন আকাশ দীপ, অকিব নবী, অংশুল কম্বোজ, মানব সুথার, মুকেশ চৌধুরী এবং মুকেশ কুমার।

আরও পড়ুন: পর্তুগাল থেকে নির্বাসিত হয়েও বিস্ফোরক রোনাল্ডো– ইতিহাসের সেরা আমিই, ফের সেই বিতর্ক উস্কে দিলেন মহাতারকা

নিউজিল্যান্ড সফরে ভারতীয় ‘এ’ দলের সূচি:

* প্রথম ম্যাচ: ২৪-২৭ অক্টোবর, লিঙ্কন।
* দ্বিতীয় ম্যাচ: ৩১ অক্টোবর-৩ নভেম্বর, ক্রাইস্টচার্চ।
* তৃতীয় ম্যাচ: ৭-১০ নভেম্বর, লিঙ্কন।

তিনটি ম্যাচই চার দিনের। নিউজিল্যান্ডের পরিবেশে এই সিরিজে খেলার অভিজ্ঞতা আগামী দিনে ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে সুযোগ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। পন্থের (Rishabh Pant) সুস্থ হয়ে ওঠার দিকে এখন নজর থাকবে নির্বাচকদের। অন্য দিকে, তাঁর অনুপস্থিতিতে কুশাগ্রের সামনে রয়েছে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ।

দেখুন: