• facebook
  • twitter
  • youtube
Tuesday, 9 June, 2026

বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবাম ও উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি নোরা ফাতেহি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল সাউন্ডট্র্যাক অ্যালবামে মোট ১৮টি গান রাখা হয়েছে।

আসন্ন বিশ্বকাপে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার খেললেও সরাসরি ভারতের প্রতিনিধি আর কোথায়? নিরাশ হবেন না। ভারতের প্রতিনিধিও রয়েছেন। এবং জেনে অবাক হতে পারেন, তিনি নোরা ফতেহি।

বলিউড অভিনেত্রী ও আন্তর্জাতিক নৃত্যশিল্পী নোরা ফের একবার বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল মিউজিক অ্যালবামে তাঁর নতুন গান ‘সির সির’ অন্তর্ভুক্ত হয়েছে। এই গানে নোরার সঙ্গে রয়েছেন ফরাসি-আইভোরিয়ান শিল্পী ভেজিড্রিম এবং ভারতীয় বংশোদ্ভূত সুরকার-প্রযোজক সঞ্জয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল সাউন্ডট্র্যাক অ্যালবামে মোট ১৮টি গান রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় শিল্পীরা এই প্রকল্পে অংশ নিয়েছেন। অ্যালবামে রয়েছেন শাকিরা, বার্না বয়, আনিটা, লিজা, ড্যাডি ইয়াঙ্কি-সহ একাধিক আন্তর্জাতিক তারকা। ফিফার দাবি, এটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় মিউজিক প্রজেক্ট।

শুধু অফিসিয়াল অ্যালবামেই নয়, ১২ জুন টরন্টোয় বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানেও সশরীরে উপস্থিত থাকবেন তিনি। এই অনুষ্ঠানে শাকিরা, ম্যাডোনাদেরও পারফরর্ম করার কথা রয়েছে।

‘সির সির’-এর মাধ্যমে নোরা ফাতেহি শুধু ভারতকেই প্রতিনিধিত্ব করছেন না, বরং বিশ্বকাপের বহু-সাংস্কৃতিক চেতনারও প্রতীক হয়ে উঠেছেন। বিশ্বকাপের আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট, কানাডা এবং মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে এই অ্যালবামের গানগুলি বাজানো হবে।

নোরার উপস্থিতি অবশ্য বিশ্বকাপ ফুটবলে প্রথম নয়। এর আগে তিনি ২০২২ বিশ্বকাপের অফিসিয়াল সাউন্ডট্র্যাক ‘লাইট দ্য স্কাই’-এর অন্যতম শিল্পী ছিলেন এবং বিশ্বকাপের মঞ্চেও পারফর্ম করেছিলেন।

ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপে অফিসিয়াল মিউজিক প্রজেক্টে জায়গা করে নিয়ে নোরা ফাতেহি আন্তর্জাতিক বিনোদন জগতে নিজেকে আরও মজবুত করে তুললেন। ভারতীয় ভক্তদের কাছেও এটি গর্বের বিষয়, কারণ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের অফিসিয়াল অ্যালবামে এবারও শোনা যাবে ভারতের এক প্রতিনিধির কণ্ঠ।