এশিয়ান গেমসের আগেই বড়সড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)! ২০২৬ মরসুমেও তাঁকে আর দেখা যাবে না মাঠে। চোটের কারণে ২০২৬ মরসুমই শেষ হয়ে গেল নীরজ চোপড়ার (Neeraj Chopra)। গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় আসন্ন এশিয়ান গেমসে নামতে পারবেন না ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। একই সঙ্গে হাতছাড়া হল ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনালও।
শুক্রবার লুসান ডায়মন্ড লিগে মরসুমের সেরা ৮৬.৬২ মিটার থ্রো করেছিলেন নীরজ। দীর্ঘ চোটের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরছিলেন তিনি। সেই প্রতিযোগিতার পরেই অনুশীলনে ঘটে বিপত্তি। গোড়ালির লিগামেন্টে চোট পান তিনি। চিকিৎসক এবং দলের সঙ্গে আলোচনা করে চলতি মরসুম আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন নীরজ।
সমাজমাধ্যমে নীরজ (Neeraj Chopra) লিখেছেন, ‘দীর্ঘ পরিশ্রমের পর লুসানে মরসুমের সেরা থ্রো করে অবশেষে সেই ছন্দটা ফিরে পাচ্ছিলাম, যেটার জন্য অপেক্ষা করছিলাম। দুর্ভাগ্যজনক ভাবে তার কিছু পরেই অনুশীলনের সময় গোড়ালির লিগামেন্টে চোট পাই। চিকিৎসক এবং দলের সঙ্গে আলোচনা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই মরসুমের বাকি অংশে আমি আর প্রতিযোগিতায় নামব না’।
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 29, 2026
চোটের সময়টা যে তাঁকে কতটা হতাশ করেছে, নীরজের (Neeraj Chopra) পরের কথাতেই তা স্পষ্ট। ২৮ বছরের এই তারকা বলেছেন, ‘এ খুবই হতাশাজনক, বিশেষ করে যখন মনে হচ্ছিল আমি আমার ছন্দের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। কিন্তু যেমন বলা হয়, বাধা-ব্যর্থতাও জীবনের অংশ’।
তবে আপাতত হতাশায় ডুবে থাকতে চান না নীরজ (Neeraj Chopra)। তাঁর লক্ষ্য দ্রুত এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ফের মাঠে ফেরা। তিনি বলেছেন, ‘এখন আমার লক্ষ্য ভাল ভাবে সুস্থ হয়ে ওঠা এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসা’।
নীরজের (Neeraj Chopra)এই চোটের খবর নিঃসন্দেহে এশিয়ান গেমসে ভারতের পদক-আশায় বড় আঘাত। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে এশিয়ান গেমস। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে টানা তৃতীয় সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন নীরজ। কয়েক দিন আগেই তাঁকে সামনে রেখে ৭৩ সদস্যের অ্যাথলেটিক্স দল ঘোষণা করেছিল ভারত।
শুধু এশিয়ান গেমস নয়, ৫ সেপ্টেম্বর ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনালেও নামতে পারবেন না নীরজ । এই আসরে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি।২০২৬ মরসুম নীরজের পক্ষে ভালো হলো না। চোটের কারণে দীর্ঘ সময় প্রতিযোগিতার বাইরে থাকার পর কমনওয়েলথ গেমসে রুপো জিতে ফিরেছিলেন তিনি। লুসানে মরসুমের সেরা থ্রো করার পরে আশা জেগেছিল, এ বার হয়তো পুরনো নীরজকে (Neeraj Chopra) দেখা যাবে। কিন্তু তার পরেই নতুন চোট।
ফলে এশিয়ান গেমসে ভারতের অন্যতম বড় সোনার পদকের আশা এখন নীরজকে ছাড়াই পূরণ করতে হবে। আর নীরজের সামনে আপাতত একটাই লক্ষ্য, চোট সারিয়ে আগের জায়গায় ফিরে আসা।
দেখুন:




