• facebook
  • twitter
  • youtube
Saturday, 3 October, 2026

এশিয়ান গেমসের ফাইনালে নকভি থাকছেন না, পদক বিতরণ নিয়ে জল্পনার অবসান

এশিয়ান গেমসের ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতেছে ভারত। ম্যাচের পর বিজয়ী ভারতীয় ক্রিকেটারদের হাতে পদক তুলে দিতে

এশিয়ান গেমসের ফাইনালে নকভি থাকছেন না, পদক বিতরণ নিয়ে জল্পনার অবসান

এশিয়ান গেমসের ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতেছে ভারত। ম্যাচের পর বিজয়ী ভারতীয় ক্রিকেটারদের হাতে পদক তুলে দিতে পারেন এশীয় ক্রিকেট সংস্থার চেয়ারম্যান মহসিন নকভি—এমন জল্পনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ফাইনালে থাকছেনই না নকভি। এশীয় ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত কাজ থাকায় নাগোয়ায় থাকতে পারবেন না তিনি।

এশীয় ক্রিকেট সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “পূর্বনির্ধারিত কাজ থাকায় এশিয়ান গেমসের ফাইনালে নকভি হাজির থাকতে পারবেন না। সোনা এবং ব্রোঞ্জের ম্যাচে অংশ নিতে চলা চারটি দলকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।”

পরে নিজেও একটি বার্তা দেন নকভি। সেখানে তিনি লেখেন, “সোনা এবং ব্রোঞ্জ পদকের ম্যাচে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা। কিছু কাজের জন্য আমি নাগোয়ায় থাকতে পারব না। তবে উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় থাকব।”

নকভির ফাইনালে না থাকার খবর সামনে আসতেই অবশ্য পুরনো বিতর্কও ফিরে এসেছে। গত বছর এশিয়া কাপ জেতার পর নকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার করেছিল ভারতীয় দল। চলতি বছর মহিলাদের এশিয়া কাপ জয়ের পরও একই ঘটনা ঘটে। তবে এবার ভারতীয় দল আগেই জানিয়ে দিয়েছিল, নকভির হাত থেকে পুরস্কার নিতে তারা আগ্রহী নয়। নকভিও সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন বলে খবর।

মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল এবং সচিব দেবজিৎ শইকিয়া মাঠে উপস্থিত ছিলেন। ম্যাচের পর ভারতীয় দলের সিদ্ধান্তের কথা নকভিকে জানিয়ে দেন তাঁরা। পরে দেশে ফিরে সংবাদ সংস্থা পিটিআইকে শুক্ল বলেন, “আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম। ঠিক করেছিলাম, ওঁর হাত থেকে ট্রফি নেব না। এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। ওঁকে সবটা জানিয়েও দিয়েছিলাম।”

ভারতের সিদ্ধান্ত শুনে নকভির প্রতিক্রিয়া কী ছিল, সেই কথাও জানিয়েছিলেন শুক্ল। তাঁর দাবি, ভারতীয় দলের সিদ্ধান্তে কোনও প্রতিবাদ করেননি নকভি। বরং তাঁর আচরণে মনে হয়েছিল, এমন পরিস্থিতি তৈরি হতে পারে, সে সম্পর্কে তিনি আগে থেকেই অবগত ছিলেন। ভারতের অবস্থান জানার পরও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন নকভি। অন্যদের পুরস্কার তুলে দিয়ে শেষ পর্যন্ত মঞ্চ ছেড়ে বেরিয়ে যান তিনি।